
সকালগুলো এখন শিশিরভেজা। ধুয়ে যায় গাছের পাতা। পথের পাশের দূর্বাঘাসের ডগায় ডগায় জমে থাকে মুক্তোর দানার মতো স্বচ্ছ সলিল বিন্দু। তাকে ছুঁয়ে দেয় নরম রোদ। ঝলমলে দ্যুতিময় করে তোলে। এমন ভোর সৌরভময় হয়ে ওঠে কোথাও কোথাও তার উপস্থিতিতে। সে হলো শেফালি।
শেফালি ফোটা শুরু শরতের মাঝনাগাদ থেকেই। সারা হেমন্তজুড়েই থাকে অজস্র প্রস্ফুটন। সারারাত মৃদুমন্দ হাওয়ায় সৌরভ ছড়িয়ে ঝরে পড়ে ভোরের আলো ফোটার আগেই। গাছতলা ছেয়ে থাকে সাদা-কমলার চোখজুড়ানো সমারোহে। সকালে ঘুম থেকে উঠে শিশু-কিশোরেরা যায় শিশিরভেজা সেই ফুল কুড়োতে। কেউ মালা গাঁথে, অঞ্জলি দেয় কেউ দেবতার শ্রীচরণে। সেই স্মৃতি শৈশব পেরিয়ে গেলেও বুকের নিভৃতে সময়ের প্রভাব এড়িয়ে সজীব রয়ে যায় কুড়িয়ে পাওয়া ফুলগুলোর মতোই।
শেফালিকে শিউলি বলারও চল আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি নামেই ডেকেছেন। মনে পড়বে তাঁর ‘ওগো শেফালিবনের মনের কামনা’ কিংবা ‘শিউলিতলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে...।’ বিষাদময় এক উপাখ্যান জড়িয়ে আছে শেফালির সঙ্গে। সূর্যের প্রেমে পড়েছিলেন এক রাজকন্যা। ব্যর্থ হলেন। বঞ্চনার ব্যথা সইতে না পেরে আত্মহনন করলে তাঁর চিতাভস্ম থেকে গজাল এক সবুজ বৃক্ষ। কমলা বৃন্তে শুভ্র পাপড়ির অজস্র ফুল ফুটল শাখায় শাখায়। সেই ফুলের মধুগন্ধ ভরিয়ে তুলল রাতের বাতাস। সূর্যের আলো স্পর্শ করার আগেই অভিমানে ঝরে গেল ফুলগুলো। সেই থেকে রাতে ফুটে ভোরের আগেই ঝরে যাচ্ছে শেফালি ফুল।
গাছটি তেমন বড় আকারের হয় না। আদি নিবাস মধ্য ও উত্তর ভারত। আমাদের দেশে সর্বত্রই জন্মায়। ফুলের প্রতি অনুরাগ যাঁদের, তাঁরা বাড়ির পাশে আদর-যত্ন করেই শেফালিকে স্থান দেন। বেশ চেনা গাছ। তাই সাধারণ লোকের দাঁতভাঙা বৈজ্ঞানিক নামটি মনে রাখার গরজ নেই। সে গরজ যাঁদের, তাঁরা জানেন নামটি হলো Nyctanthes arbortristis। কেন যেন বৈজ্ঞানিক নামটিতেও বিষাদময়ী তরু হিসেবেই উল্লেখ করা হয়েছে শেফালিকে।
শেফালির কাণ্ড ধূসর। যদিও ডালপালা গজায় অনেক, পাতাও গাঢ় সবুজ, তবু ঠিক সবুজ ছাতার মতো দেখায় না গাছটিকে। বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত একরকমের ভাব আছে চেহারায়। শীতে পাতা ঝরে গেলে আরও হতশ্রী লাগে দেখতে। তবে সে অবস্থা বেশি দিন থাকে না। গ্রীষ্মের শুরুতেই পাতা গজাতে থাকে, আর শরৎ-হেমন্তে পুষ্পে-পত্রে শেফালির তুলনা তো কেবল সে নিজেই।
ফুলগুলোর তুষারশুভ্র পাপড়ি কমলা রঙের বোঁটার দিকটায় পরস্পরের সঙ্গে জোড়া লাগানো। বীজ চ্যাপ্টা, ট্যাবলেট ওষুধের মতো। বড়ই তেতো পাতার রস। তবে তা জ্বর সারাতে বেশ কার্যকর। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসকেরা পাতার রস জ্বর নিরাময় ও বীজ চর্মরোগের নিদান হিসেবে ব্যবহার করে আসছেন। ফুলের বোঁটার কমলা রঙের নির্যাস থেকে পাওয়া রং বৌদ্ধ সন্ন্যাসীরা ব্যবহার করেন তাঁদের চিবর রাঙাতে। কাঠ তেমন মূল্যবান নয়। সে কারণেই হয়তো বাণিজ্যমূল্যের নিরিখে শেফালি মূল্যহীন। বাণিজ্যনিয়ন্ত্রিত যুগে তাই শেফালির বিস্তার ঘটেনি। বনায়নের উদ্যোগে উপেক্ষিতই থেকে যায় শেফালি।