সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনার কেন্দুয়া, নোয়াখালী ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশু ও শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: ঢাকা-বগুড়া মহাসড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী ৬ নম্বর ব্রিজের ওপর ভোরে ঢাকাগামী আলুভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক নাটোরের বড়াইগ্রামের ফারুক হোসেন (৩৬) ও তাঁর সহযোগী গুরুদাসপুরের হোসেন আলী (৩০) এবং অপর ট্রাকের চালক রংপুরের মিলন (৩৫) নিহত হন। একই মহাসড়কে পাচিলা এলাকায় সকাল আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাচ্চু মিয়া (৩০) নিহত হন। পাবনা: পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুর রহীম (১১) বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে শহরের বাসটার্মিনাল এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। অপর দিকে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের ডা. ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আরিফা খাতুন (১০) মধ্যাহ্ন বিরতির সময় স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকায় সকালে যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের চালক রুবেল মিয়া (২৬) নিহত হন। নোয়াখালী: নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ী বাইপাস এলাকায় সকাল ১০টার দিকে ঢাকাগামী একটি বাসের চাপায় আরিফুর রহমান (৫) মারা যায়। সে সোনাইমুড়ী গ্রামের মো. সেলিমের ছেলে এবং সোনাইমুড়ী শিশুকানন কিন্ডারগার্টেনের প্লে-গ্রুপের ছাত্র। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় দেলোয়ার (৩) নামে এক শিশু নিহত হয়েছে। সে ঈশ্বরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অফিসের কর্মচারী মো. মাজহারুলের ছেলে।