শিশু অধিকার নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রশাসন, গণমাধ্যম, বেসরকারি সামাজিক সংগঠন ও স্থানীয় সরকারের সমন্বয়ে শিশু অধিকার নিশ্চিত করা সম্ভব। শিশু সুরক্ষায় বিদ্যমান আইন কার্যকর করা সরকারের দায়িত্ব। কিন্তু তাদের কার্যক্রম তদারকি ও সচেতনতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গণমাধ্যম।গতকাল বুধবার আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও প্রথম আলোর উদ্যোগে ‘শিশু সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রথম আলো কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।তথ্যমন্ত্রী বলেন, শিশু অধিকার, বিশেষ করে কন্যাশিশুর অধিকারের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মৌলবাদী গোষ্ঠী। কন্যাশিশুরা চতুর্থ শ্রেণীর বেশি পড়াশোনা করতে পারবে না—এ ধরনের বক্তব্যের মাধ্যমে সমাজকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। শিশু সুরক্ষা এবং এ ধরনের বক্তব্যের মধ্যে মাঝামাঝি কোনো পথ নেই। যারা শিশু অধিকারের বিষয়ে হস্তক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে গণমাধ্যমসহ সমাজের সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। একজন শিশুর জন্মের পর থেকে বেড়ে ওঠার প্রতিটি ক্ষেত্রে তার অধিকার নিশ্চিতের জন্য গণমাধ্যম কাজ করতে পারে বলে উল্লেখ করেন মন্ত্রী। বর্তমান শিশু আইনে আরও কোনো সংশোধনী আনা প্রয়োজন কি না, সে বিষয়ে গণমাধ্যম ও এনজিওগুলোকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ বলেন, শিশু অধিকার কোথাও ক্ষুণ্ন হচ্ছে কি না, সে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে পারে গণমাধ্যম। এ কারণে প্রথম আলোর সঙ্গে সহযোগী হিসেবে ওয়ার্ল্ড ভিশন কাজ করবে।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে শিশুদের অধিকার বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সমাজে গতি তৈরি করা সম্ভব হবে বলে আয়োজকেরা আশা করছেন।
কর্মশালায় বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের ২৫ জন সাংবাদিক অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, পরামর্শক (বার্তা) কুর্রাতুল-আইন-তাহিমনা এবং জাতিসংঘ শিশু তহবিলের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরিন।