শিশু অধিকার রক্ষায় সরকার আন্তরিক
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশুর ওপর সহিংসতা প্রতিরোধ ও শিশু অধিকার রক্ষায় সরকার আন্তরিক। সরকারের অঙ্গীকারও আছে। তারপরও শিশুরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে। শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, শুধু সরকার নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে।
সন্তানকে ভিক্ষাবৃত্তি বা ঝুঁকিপূর্ণ কাজে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পথশিশুদের পুনর্বাসনের জন্য সরকার কর্মসূচি হাতে নিয়েছে। তবে অনেক শিশু সরকারের এই সহযোগিতা নিতে চায় না।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি রাজনৈতিক কাজে শিশুদের ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।