শিশু অধিকার সপ্তাহ শুরু আজ
‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বালবে আশার আলো’—এ প্রতিপাদ্য সামনে রেখে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন বেসরকারি সংগঠন সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শিশু একাডেমীর মতিউর মুক্তমঞ্চে সপ্তাহের উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
আগামী ৩ অক্টোবর বিশ্ব শিশু দিবস। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করবেন।
সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতার মধ্যে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস, ১ অক্টোবর পথশিশু সমাবেশ, ৪ অক্টোবর অটিজম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কার্যক্রমসহ বিভিন্ন অনুষ্ঠান হবে।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে প্রদর্শনী স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে বিভিন্ন বিদ্যালয়, শিশু সংগঠন এবং বাস্তবায়নকারী সংস্থার শিশুশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক পরিবেশিত হবে।