শিশু অধিকার সপ্তাহ শুরু হচ্ছে আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার থেকে শুরু হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। আজ বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সপ্তাহের উদ্বোধনের পাশাপাশি বিশ্ব শিশু দিবসেরও উদ্বোধন করবেন।
২৯ সেপ্টেম্বর থেকে শিশু অধিকার সপ্তাহ পালিত হলেও এবার ঈদুল আজহার জন্য শিশু অধিকার সপ্তাহটি একটু পিছিয়ে উদ্যাপন করা হচ্ছে। অন্যদিকে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়। সরকারিভাবে দিবস ও সপ্তাহ একসঙ্গে পালন করা হচ্ছে।
বাংলাদেশ শিশু একাডেমী প্রতিবছরের মতো এবারও একাডেমীর কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ছয়টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করছে। ১৬ অক্টোবর পর্যন্ত ছয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১২ অক্টোবর সোমবার সপ্তাহের দ্বিতীয় দিনে কন্যা শিশু দিবস হিসেবে পালিত হবে। এ ছাড়া অন্যান্য দিনে স্বল্প সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত শিশু সমাবেশ, স্বল্প সুবিধাভোগী, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার-বিষয়ক কার্যক্রম, প্রারম্ভিক শৈশব-বিষয়ক কার্যক্রম, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও জাদু প্রদর্শন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর শুক্রবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিনে শিশুদের সমাবেশ, আলোচনা, পুরস্কার বিতরণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা থাকবে।
সপ্তাহটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে প্রদর্শনী স্টল সোমবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে বিভিন্ন বিদ্যালয়, শিশু সংগঠন এবং বাংলাদেশ শিশু একাডেমীর শিশুশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।