শিশু অধিকার সুনিশ্চিত করতে চট্টগ্রামে মীনার বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতে এবং শিশুদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে তিন দিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু অধিকার সংরক্ষণ সংস্থা ভোরের আলো।এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সমাপনী দিনে নগরের জাকির হোসেন সড়কে আকবর শাহ মোড়ে শোভাযাত্রা, শিশু সমাবেশ এবং বাংলাদেশের জনপ্রিয় কার্টুন সিরিজ মীনার মাপেট শোর আয়োজন করে। শিশু অধিকার সপ্তাহ এবং জাতীয় মীনা দিবস উপলক্ষে সলিমুল হক খান স্মৃতি সংসদ, পিএসটিসি এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ভোরের আলো এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশ, চট্টগ্রামের যোগাযোগ বিশেষজ্ঞ সাইদ মিল্কী, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের নির্বাহী সদস্য ইয়াসমিন পারভিন প্রমুখ।