শিশু অধিকার সূচকে বাংলাদেশ ৮৭তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অধিকার সূচকে বাংলাদেশের পরিস্থিতি প্রতিবেশী ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও পাকিস্তানের চেয়ে ভালো। ১৬৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৭তম। নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান কিডস রাইটস ফাউন্ডেশন দেশগুলোর এই অবস্থান নির্ণয় করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, অধিকার ভোগ করার দিক থেকে শীর্ষে আছে ইউরোপের দেশ পর্তুগালের শিশুরা। আর সবচেয়ে খারাপ পরিস্থিতি আফ্রিকার দেশ আফ্রিকান রিপাবলিক, ইউরোপের দেশ লিসটেন্সটাইন ও পোল্যান্ডের শিশুদের।
শিশুদের জীবনের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, নিরাপত্তা এবং অধিকার ভোগ করার পরিবেশ এই পাঁচটি বিষয়ে ২৩টি সূচকের ভিত্তিতে দেশগুলোর অবস্থান নির্ণয় করা হয়েছে। একে বলা হচ্ছে ‘কিডসরাইটস ইনডেক্স’। জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুসমর্থন করা ১৬৫ দেশকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছ। এতে দেখা যাচ্ছে, প্রথম ১০টি দেশের তালিকায় ইউরোপের আটটি। এশিয়ার দেশ থাইল্যান্ডের অবস্থান ৮ এবং আফ্রিকার দেশ তিউনিসিয়ার অবস্থান ৯-এ। শিশুদের অধিকার রক্ষার সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ভুটানের অবস্থান বাংলাদেশের ওপরে। তালিকার ১৫৬তম স্থানে যুক্তরাজ্য। প্রতিবেদনে যুক্তরাজ্যের এই অবস্থানকে বিস্ময়কর ফলাফল বলা হয়েছে।
বলা হচ্ছে কিডস রাইটস ফাউন্ডেশন একটি সামাজিক ও একাডেমিক যৌথ উদ্যোগ। নেদারল্যান্ডসের এরাসমাস ইউনিভার্সিটি রোটেরডাম এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ যৌথভাবে ২০১০ সালে এই উদ্যোগ শুরু করে। ২০১৩ সালে তারা প্রথম শিশু অধিকার সূচকের ভিত্তিতে দেশগুলোর বৈশ্বিক অবস্থান নির্ণয় করে।