শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় জাহিদুল ইসলাম নিশান (৪) নামের একটি শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।আটক ব্যক্তিরা হলেন উপজেলার থানাপাড়ার শেখ ফরিদ (৪২) ও মো. বেলাল হোসেন (৪০)। পুলিশ ও অপহূত শিশুর পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার উপজেলার থানাপাড়ার নোয়াখালী টিলার প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল ইসলাম (৪) বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা রেশমা আক্তার সেদিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত বুধবার দুপুরে শিশুটির খালু হারুন অর রশিদের মুঠোফোনে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।রেশমা আক্তার বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় আমি জাহিদুলকে বিদ্যালয়ের কাছাকাছি দীঘিনালা শিব মন্দির পর্যন্ত পৌঁছে দিই। পরে বিদ্যালয় ছুটির পর বাড়িতে না আসায় খোঁজ নিয়ে জানতে পারি, সে বিদ্যালয়ে যায়নি।’ শিশুটির মামা মো. শামীম জানান, বুধবার একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বান্দরবানের থানছিতে মুক্তিপণের টাকা পৌঁছাতে বলা হয়েছে।অপহূত জাহিদুল স্থানীয় আল কোরআন একাডেমির নার্সারির ছাত্র। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, শিশুটি অপহূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।