শিশু অপহরণ ও খুনের মামলায় চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে তিন বছরের শিশুকে অপহরণের পর খুনের মামলায় গত মঙ্গলবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে খুনের সঙ্গে জড়িত অভিযোগে আলম হোসেন (২৬) নামের একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
৩ জুলাই বিকেলে শিশু মুশফিকুর রহমানকে বাড়ির সামনে খেলার সময় অপহরণ করা হয়। চার দিন পর অপহরণকারীরা মুঠোফোনে মুশফিকুরের চাচা আমজাদের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১২ জুলাই বাড়ির পাশের ডোবা সেচে মাছ ধরার সময় মুশফিকুরের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুশফিকুরের বাবা আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আলম হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর তিনজনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজতে রাখা হয়েছে।