শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলায় গত রোববার রাতে ১০ বছরের এক শিশুকে অপহরণ করে লঞ্চে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হাসান মাঝি (২০) নামের একজনকে আসামি করে মঙ্গলবার থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ‘ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চরানন্দ পার্ট-৩ গ্রামের হাসান মাঝি বিয়ের প্রলোভনে ফুসলিয়ে গত রোববার বিকেলে আমার শিশুকন্যাকে অপহরণ করে টিপু-২ লঞ্চে ঢাকায় নিয়ে যাচ্ছিল। লঞ্চের কেবিনে শিশুকে ধর্ষণ করে। সে বাথরুমে ঢুকে তার দুলাভাইয়ের কাছে মুঠোফোনে বিষয়টি জানায়। তখন আমরা লঞ্চের লোকজনের সহযোগিতায় ঢাকার সদরঘাট থেকে ওই শিশু ও হাসান মাঝিকে উদ্ধার করে ফিরতি লঞ্চে ১৬ মে ভোলায় নিয়ে আসি। কিন্তু লঞ্চ ভোলায় আসা মাত্রই হাসান মাঝি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।’ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহামুদ-আল-হাসান বলেন, ‘আসামি হাসান মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকেও পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে ধর্ষণের প্রমাণ মিলেছে।’আসামি হাসান মাঝি বলেন, ‘ওর সঙ্গে আমার প্রেম ছিল। আমরা বিয়ের জন্য পালিয়ে ঢাকা যাচ্ছিলাম। কিন্তু আমি লঞ্চে তাকে ধর্ষণ করিনি। আমার অগোচরে আমার এক বন্ধু কিছু করে থাকতে পারে। এ ছাড়া লঞ্চের লোকজন ওকে আলাদা রেখেছিল। সে সময় তারাও কিছু করতে পারে।’ শিশুর বাবা বলেন, ‘আসামির বাবা আবু মাঝি যুবলীগ নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী সাঈদ আলীকে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আমাকে চাপ দিচ্ছেন।’ সাঈদ আলী বলেন, এ অভিযোগ সত্য নয়।