শিশু অপহরণকালে মলম পার্টির পাঁচ সদস্য গ্রেপ্তার
নোয়াখালীতে এক শিশুকে অপহরণের সময় স্থানীয় লোকজন মলম পার্টির চার নারী সদস্যসহ পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কাজী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, রাজিয়া খানম, নূর নাহার, শিল্পী আক্তার, সুমি আক্তার ও মো. সফিক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত সদস্যের একটি মলম পার্টি সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকার প্রবাসী মাঈনউদ্দিনের বাসায় প্রবেশ করে তাঁর মেয়ে নাহিদা আফরোজের (১৩) চোখে মলম লাগিয়ে অপহরণের চেষ্টা করে। এ সময় পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অপহরণকারী দলের পাঁচ সদস্যকে আটক করে। এ সময় দলের অন্য দুই সদস্য পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মলমের একটি কৌটা ও দুটি ছোরা উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহূত একটি মাইক্রোবাস আটক করা হয়। অপহরণকারীদের আঘাতে আহত শিশু আফরোজাকে রাতেই নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। তারা পেশাদার মলম পার্টির সদস্য। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে অপহরণ মামলা করেছেন। আটক ব্যক্তিদের গতকালই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।