শিশু অপহরণে বাধা দিতে গিয়ে শিক্ষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে শিশু নাতিকে অপহরণ করার সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্কুলশিক্ষক আবদুল হালিম (৫৫)। গত মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার শুভরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল হালিম স্থানীয় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নাতির নাম আতাউর রহমান (৯)। সে শুভরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

নিহত আবদুল হালিমের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আতাউরের বাবা আবদুল আলিফ দক্ষিণ আফ্রিকায় থাকেন। আতাউর মায়ের সঙ্গে নানার বাড়িতেই থাকত। তাকে অপহরণের হুমকি দিয়ে কিছুদিন ধরে দুর্বৃত্তরা পরিবারের কাছে ২০ লাখ টাকা দাবি করে আসছিল। মঙ্গলবার ভোর চারটার দিকে আট-দশজন সশস্ত্র দুর্বৃত্ত শুভরাজপুর গ্রামে আবদুল হালিমের বাড়িতে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে আতাউরকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আবদুল হালিম বাধা দিতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর গ্রামবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা আট-দশটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতাউরকে নিয়ে চলে যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার নিজ গ্রামে আবদুল হালিমের লাশ দাফন করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, দাবি করা অর্থ না পেয়ে দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। অপহরণ বা স্কুলশিক্ষক নিহত হওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।