শিশু অপহরণের অভিযোগে আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের নগদাপাড়া গ্রামের দুরন্ত সরকার নামের সাড়ে তিন বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে মোশাহিদ মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত রোববার বিকেলে গ্রামবাসী মোশাহিদ মিয়াকে আটক করে পুলিশে দেয়। তাঁর বাড়িও ওই ইউনিয়নের বলরামপুর গ্রামে।শিশুটির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দুরন্ত গত রোববার দুপুরে প্রতিবেশী চার-পাঁচটি শিশুর সঙ্গে নিজ গ্রামের পশ্চিমে লক্ষ্মীপূজার মণ্ডপে প্রসাদ আনতে যায়। সেখানে গিয়ে অন্য শিশুদের কাছ থেকে সে আলাদা হয়ে পড়ে। একপর্যায়ে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে মোশাহিদ তাকে কোলে করে পাশের জলুষা গ্রামসংলগ্ন হাওর এলাকায় যান। এ সময় সেখানকার জমিতে কাজ করতে থাকা তিন-চারজন কৃষক শিশুটির কান্না শুনে এগিয়ে আসেন। তাঁরা শিশুটির কাছে তার সঙ্গে থাকা লোকটি কী হয় জানতে চাইলে সে ‘কেউ না’ বলে জানায়। বিষয়টি নিশ্চিত হয়ে কৃষকেরা মোশাহিদকে আটক করেন।মধ্যনগর থানার ওসি জানে আলম খান জানান, এ ঘটনায় গতকাল সোমবার সকালে মোশাহিদকে আসামি করে শিশুটির বাবা জহরলাল সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অপহরণকারীকে গতকাল সোমবার দুপুরে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।