শিশু অপহরণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির দায়ে চট্টগ্রামে মোসলেমউদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপহরণ ও মুক্তিপণ দাবি—পৃথক দুই ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে দুবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
আসামি মোসলেমউদ্দিনের বাড়ি ভোলায়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ২৩ জানুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ মিরপুর এলাকা থেকে ছয় বছরের একটি শিশুকে অপহরণ করে মোসলেম। শীতের কাপড় কিনে দেওয়ার নাম করে তাকে ভোলায় নিয়ে যায়। তারপর সেখান থেকে টেলিফোনে শিশুটির পরিবারের কাছে এক লাখ ছয় হাজার টাকা দাবি করে।
এ ঘটনায় শিশুটির মা কর্ণফুলী থানায় মামলা করেন। ঘটনার চার দিন পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধার করে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার প্রথম আলোকে বলেন, দুটি ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। একটি অপরাধের সাজা শেষ হলে আরেকটি সাজা ভোগ করবে আসামি। আসামি বর্তমানে কারাগারে।