শিশু অপহরণের দায়ে ছয়জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিল্লাল হোসেন (৮) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
গতকাল দুপুরে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আদালতে উপস্থিত ছিলেন না। ওই ছয়জন হলেন সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও ও দুধঘাটা এলাকার নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, বোরহান, বাছেদ ও মমতাজ বেগম। আদালত একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১০ জুন বিকেলে সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের আলমাস আলীর ছেলে বিল্লাল হোসেনকে প্রলোভন দেখিয়ে আসামিরা অপহরণ করে। পরে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় বিল্লালের মা রোকেয়া বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করেন। এরপর পুলিশ ওই অপহরণকারীদের ঢাকা থেকে গ্রেপ্তার করে এবং বিল্লালকে উদ্ধার করে। পরে আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পান।