শিশু অপহরণের দায়ে দুই যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক শিশুকে অপহরণের মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আসামিরা হলেন মাহফজুর রহমান (২৪) ও মো. রাসেল (২০)। গতকাল রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক রফিকুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। ২০১৪ সালের ৪ আগস্ট নগরের রুমঘাটা এলাকায় এক ব্যবসায়ীর ছয় বছরের শিশুকে অপহরণ করা হয়। পরদিন তাঁর বাবার কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ অপহরণের দুই দিন পর নগরের চালিতাতলী এলাকার একটি জঙ্গল থেকে দুজনকে গ্রেপ্তার করে। পরে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দণ্ডাদেশপ্রাপ্ত দুজন শিশুটির বাবার দোকানের কর্মচারী।