শিশু অপহরণের দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় নুরুল বশর নামের এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রহিমা বেগম, রোকসানা, মামুনুর রশিদ, মো. জালালউদ্দিন ও করিম। তাঁদের মধ্যে মামুনুর রশিদ হাজতে আছেন। বাকিরা পলাতক।

আদালত সূত্র জানিয়েছে, চলতি বছরের ২৭ জানুয়ারি নগরের চান্দগাঁও আবাসিক এলাকার ১১০ নম্বর সড়ক থেকে একটি শিশুকে অপহরণ করেন রোকসানা ও রহিমা। এরপর শিশুটির বাবার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মামুনুর, জালালউদ্দিন ও করিম। শিশুটির বাবা তাঁদের দেড় লাখ টাকা দেন। অপহরণের ছয় দিন পর ২ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার রহিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেসমিন আকতার বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৮ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৭ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার শুনানিতে রহিমা ও রোকসানার বিরুদ্ধে অপহরণ এবং মামুনুর, জালালউদ্দিন ও করিম ডাকাতের বিরুদ্ধে মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়।