শিশু অপহরণের দায়ে ফেনীতে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে শিশু অপহরণ করে মুক্তিপণ আদায়ের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফেনীর অতিরিক্ত দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নিলুফার সুলতানা গতকাল মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ও রিয়াজ পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী বলেন, ২০০৬ সালের ৮ জুন ফেনীর লালপুল এলাকার একটি ক্যাডেট মাদ্রাসার শিশুশিক্ষার্থী বদর উদ্দিন হায়দার সাজ্জাদকে (তখন বয়স ছিল ৭ বছর) দুর্বৃত্তরা অপহরণ করে। পরে ১২ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে দুর্বৃত্তরা সাজ্জাদকে ছেড়ে দেয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ঘটনায় সাজ্জাদের বড় ভাই জিয়া উদ্দিন হায়দার ২০০৬ সালের ১৫ জুন ফেনী সদর থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আসামি আবু রায়হান সিরাজী ও শাখাওয়াত হোসেনকে খালাস দেন।