শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই কামারপাড়া গ্রাম থেকে মো. বিশাল নামে আট বছরের এক শিশু অপহরণের ঘটনা ঘটেছে। ১৬ আগস্ট দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ২৪ আগস্ট নীলফামারী সদর থানায় মামলা হলে গত বৃহস্পতিবার পুলিশ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন নুরুজ্জামান (২৭), তাঁর স্ত্রী আছিয়া আক্তার (২২) ও শ্যালক ফজলুর রহমান (২৪)।
বিশাল ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। ফারুক জানান, ১৬ আগস্ট জুমার নামাজের পর পাশের দোকানে টিভি দেখতে গিয়ে বিশাল নিখোঁজ হয়। এরপর প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর করেও তাকে পাওয়া যায়নি। ১৭ আগস্ট মুঠোফোনের একটি নম্বর থেকে বিশালকে অপহরণের বিষয়টি জানিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ছয় লাখ টাকায় সমঝোতা হয়। বিশালের সহপাঠী স্বাধীন ও রাজু জানায়, তারা তিন বন্ধু মিলে ওই দিন বিকেলে গ্রামের দোকানের সামনে টিভিতে ছবি দেখছিল। এরপর প্রতিবেশী নুরুজ্জামান তাদের পটকা কিনে দেওয়ার কথা বলে। বাকি দুজন পটকা নিতে রাজি না হলেও বিশাল তাঁর সঙ্গে ওই গ্রামের গাবের তল বাজারের দিকে যায়। নীলফামারী সদর থানার ওসি আবু আক্কাস আহম্মেদ জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।