শিশু অপহরণের সঙ্গে জড়িত এক নারীকে গণপিটুনি
গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকা থেকে তামান্না আক্তার (৬) নামের এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ঝর্না আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার অপহরণের খবর পেয়ে শিশুটির চাচা ছুটে গিয়ে ওই নারীকে আটক করে ভাতিজিকে উদ্ধার করেন। পরে স্থানীয় ব্যক্তিরা ওই নারীকে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
তামান্নার চাচা হারুন অর রশীদ বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে খাইলকুর এলাকার স্থানীয় নবদূত কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী তামান্না বিদ্যালয়ে যাচ্ছিল। পথে ঝর্না আক্তার (৩৫) এবং তাঁর দুই সহযোগী চকলেট ও ডায়েরি দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে স্থানীয় বগারটেক এলাকার দিকে নিয়ে যেতে থাকে। লোকমুখে এ কথা শুনে তিনি (হারুন অর রশীদ) ছুটে গিয়ে তামান্নাসহ ঝর্নাকে ধরে ফেলেন। এ সময় ঝর্নার দুই সহযোগী পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঝর্নাকে আটক করে পিটুনি দিয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অপহৃত স্কুলছাত্রী তামান্নাকে উদ্ধার এবং আহতাবস্থায় ঝর্নাকে গ্রেপ্তার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঝর্না কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাকুয়াদি গ্রামের আবু তালেবের স্ত্রী।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে তামান্নার চাচা মামলা করেছেন।