শিশু আইন সম্পর্কে সংশ্লিষ্টদের যথাযথ জ্ঞান রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের জানার অভাবে শিশু আইন সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। তাই বিচারক, পুলিশ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের শিশু আইন সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা উচিত।
শিশু আইন বাস্তবায়ন ও প্রয়োগ এবং কারাগারের বিকল্প হিসেবে সংশোধন ব্যবস্থা বিবেচনায় নেওয়ার জন্য তিনি সবার প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘শিশু আইন, ২০১৩ ও প্রবেশন ব্যবস্থাবিষয়ক’ এক কর্মশালায় বক্তৃতায় বিচারপতি ইমান আলী এসব কথা বলেন। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে আয়োজিত কর্মশালায় সিলেট বিভাগের অর্ধশতাধিক বিচারক, আইনজীবী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
বিচারপতি মো. ইমান আলী বলেন, দেশের প্রচলিত আইন সম্পর্কে বিচারক, পুলিশ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা কম থাকলে সঠিক বিচারকাজ বাধাগ্রস্ত হবে। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচলিত আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে।
বিচারপতি ‘শিশু আইন ২০১৩’ নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, আইনে শিশুদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে এসেছে। অনেক সময় কেবল না জানার কারণেই আইনটি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের শিশু আইন ভালোভাবে পঠনপাঠন করে নেওয়া উচিত।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের পরিচালক ও আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম। এরপর অংশগ্রহণকারীরা ‘শিশুদের ন্যায়বিচারপ্রাপ্তিতে বিচারিক আদালতের ভূমিকা’, ‘শিশু বিচারিক ব্যবস্থায় বিকল্প ব্যবস্থা বাস্তবায়নে প্রতিবন্ধকতাসমূহ এবং তা থেকে উত্তরণে করণীয়’ ও ‘শিশুদের ন্যায়বিচারপ্রাপ্তিতে শিশু আইন বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক তিনটি বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম সমিউল আলম।