শিশু আইনে অস্পষ্টতা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশু আইনের মামলায় প্রাপ্তবয়স্কদের বিচার নিয়ে অস্পষ্টতা বিষয়ে দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগের সচিবকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। ৭ সেপ্টেম্বরই বিষয়টি পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে।
রাষ্ট্রপক্ষের নথি থেকে জানা যায়, চার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ঢাকা, কক্সবাজার ও রংপুরের চারটি মামলায় প্রাপ্তবয়স্ক চার আসামি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। আসামিদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট বিচারকদের কাছেও আলাদাভাবে ব্যাখ্যা চান উচ্চ আদালত।
হাইকোর্টের নির্দেশনা অনুসারে চার বিচারক লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করেন। আসামিদের জামিন প্রশ্নে রুলও শুনানির জন্য আসে। ৯ আগস্ট সেসব বিষয়ে শুনানি করে গতকাল আদেশ দেন হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। মনিরুজ্জামান পরে সাংবাদিকদের বলেন, চারটি মামলার মধ্যে দুটি করা হয় শিশু আইনে, অপর দুটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে।
চার আসামির জামিন শুনানি করতে গিয়ে হাইকোর্ট দেখতে পান, চার মামলাতেই আসামি প্রাপ্তবয়স্ক এবং ভিকটিম অপ্রাপ্তবয়স্ক। এসব মামলার বিচার শিশু আইনে হবে, না নারী ও শিশু নির্যাতন দমনে আইনে, সে প্রশ্নও জামিন শুনানিতে ওঠে। হাইকোর্ট রুলসহ বিচারকদের ব্যাখ্যা জানতে চান বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।
বিচারকের ব্যাখ্যা: ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমদ তাঁর ব্যাখ্যায় বলেন, ১৯৭৪ সালের দ্য চিলড্রেন অ্যাক্ট অনুযায়ী, যেসব মামলায় ভিকটিম শিশু, সেসব মামলা বিচারের জন্য কিশোর আদালতে পাঠানোর আবশ্যকতা ছিল না। যেসব মামলায় আসামি শিশু, কেবল সেসব মামলায় অভিযোগ আমলে নেওয়ার পর মামলাটি বিচারের জন্য কিশোর আদালতে পাঠানো হতো। কিন্তু ২০১৩ সালের শিশু আইনের ১৭(১) ধারায় এ বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।
১৭(১) ধারায় বলা হয়েছে, ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু বা আইনের সংস্পর্শে আসা শিশু কোনো মামলায় জড়িত থাকলে, যেকোনো আইনের অধীনেই হোক না কেন, ওই মামলা বিচারের এখতিয়ার কেবল শিশু আদালতের থাকিবে।’
বিচারক সালেহ উদ্দিন আহমদ তাঁর ব্যাখ্যার শেষাংশে বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলায় ভিকটিম ও সাক্ষী শিশু হলেও আসামি প্রাপ্তবয়স্ক হলে সে ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইনের ১৭(১) ধারা বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী/স্পষ্টীকরণ কিংবা হাইকোর্টের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ‘ন্যায়বিচারের স্বার্থে’ সেসব মামলার বিচার করা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা পেলে ট্রাইব্যুনালে বিচারাধীন এসব মামলায় তা অবশ্যই অনুসরণ করা হবে।
রংপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. রোকনুজ্জামান তাঁর লিখিত ব্যাখ্যায় বলেছেন, ভিকটিম শিশু এবং আসামি প্রাপ্তবয়স্ক হলে ওই আসামির জামিন বা রিমান্ড শুনানি নেওয়া এবং বিচার প্রক্রিয়া কোন আদালতে কীভাবে হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকলেও ২০১৩ সালের শিশু আইনের ১(৪), ১৭(১) এবং ৫২ ধারার অন্তর্নিহিত বিধান অনুযায়ী জামিনের দরখাস্ত গ্রহণ ও শুনানি করা হয়।