শিশু আইনে প্রাপ্তবয়স্কদের বিচারের অস্পষ্টতা নিয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
শিশু আইনে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিচার নিয়ে অস্পষ্টতা বিষয়ে দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব (ড্রাফটিং) ও সমাজকল্যাণসচিবকে এ ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। পাশাপাশি পরবর্তী আদেশের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে করা পৃথক চারটি মামলায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের শিশু আইনের আওতায় বিচার চলছিল। ওই মামলায় আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। এই জামিন আবেদনের শুনানিকালে হাইকোর্ট অপরাধী প্রাপ্তবয়স্ক হলে শিশু আইনে বিচার করার বিষয়ে সংশ্লিষ্ট বিচারকের কাছে ব্যাখ্যা চান এবং আসামিদের জামিন প্রশ্নে রুল দেন। এই ব্যাখ্যা ও রুলের ওপর শুনানি নিয়ে আদালতে আজকে দিন ধার্য ছিল।