শিশু আদালতে স্থানান্তরিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত চার শিশু হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গতকাল বৃহস্পতিবার শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি শিশু আদালতে স্থানান্তরের আদেশ দেন। সেই সঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল এ মামলার গ্রেপ্তার হওয়া আসামি আবদুল আলী, তাঁর দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া এবং প্রতিবেশী আরজু মিয়া ও ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদকে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি আবুল হাসেম মোল্লা প্রথম আলোকে বলেন, পরবর্তী তারিখে মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।

উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮), মনির মিয়া (৭) ও তাদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। এর আগে ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে এরা নিখোঁজ হয়। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় মামলা করা হয়। তদন্তকারী কর্মকর্তা নয়জনের বিরুদ্ধে ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।