শিশু আবদুল্লাহকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ
আবদুল্লাহ

কেরানীগঞ্জের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহকে অপহরণের পর হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত আরও দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি হলেন খোরশেদ আলম। তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া আসামি মেহেদী হাসান ওরফে শামীমকে ১০ বছর এবং মিতু আকতারকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এই দুজনকে আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে। তাঁরা সম্পর্কে ভাইবোন। অন্য আসামি তাঁদের মা নাছিমা বেগমকে খালাস দিয়েছেন আদালত।
আদালতে উপস্থিত আবদুল্লাহর মা রিনা বেগম রায় শুনে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এ রায় আমি মানি না। আমি আপিল করব।’
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মো. মাহবুবুব প্রথম আলোকে বলেন, গত বছরের ৭ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার অন্যতম সন্দেহভাজন আসামি মোতাহার হোসেন। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি খোরশেদ আলম তাঁর বন্ধু। মোতাহারের স্ত্রী নাছিমা বেগম, ছেলে মেহেদী ও মেয়ে মিতু। তাঁরা আদালতে হাজির ছিলেন। খোরশেদ আলম পলাতক। মেহেদী ও মিতুর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
রায়ে বলা হয়, অপহরণ করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা নেওয়ার পর আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়। আসামিরা আবদুল্লাহকে হত্যা করেই থেমে থাকেননি, লাশ প্লাস্টিকের ড্রামে ভরে মোতাহারের বাড়ির একটি কক্ষে রাখেন। মুঠোফোনের সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার ও আবদুল্লাহর গলিত লাশ উদ্ধার করে র‍্যাব। এ ধরনের নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ২০ জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আবদুল্লাহকে হত্যার দায়ে খোরশেদ আলমকে মৃত্যুদণ্ড এবং হত্যায় সহযোগিতা করার দায়ে অন্য দুই আসামিকে বয়স বিবেচনায় সাজা দেওয়া হলো।
২০১৬ সালের ২৯ জানুয়ারি কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের পশ্চিম মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মো. আবদুল্লাহকে অপহরণ করা হয়। ২ ফেব্রুয়ারি আবদুল্লাহর বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমের একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাড়িটি আবদুল্লাহর মায়ের বড় মামা মোতাহার হোসেনের। অর্থাৎ তিনি সম্পর্কে শিশুটির নানা।
অপহরণের ঘটনায় ৩১ জানুয়ারি আবদুল্লাহর নানা মারফত আলী কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ওই বছরের ৯ মার্চ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন খোরশেদ আলম, মেহেদী হাসান, মিতু আকতার, কায়কোবাদ, নাছিমা বেগম ও জহিরুল ইসলাম। পরে জহিরুল ইসলাম ও কায়কোবাদকে মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। অন্য চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।