শিশু আলমের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার, ৯ জানুয়ারি। রাত সাড়ে নয়টা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া পৌর সদরের মুন্সেফবাজারে কমে এসেছে লোকজনের ভিড়। বেচাবিক্রি শেষে ঘরে ফিরতে শুরু করেছেন বিক্রেতারা। বাজারের ১০ বছর বয়সী দোকান কর্মচারী মোহাম্মদ আলম বাড়ি ফিরছিল। পথে কুড়িয়ে পেল একটি কাগজের ব্যাগ। সেই ব্যাগে তিন লাখ টাকা। ব্যাগটি নিয়ে ছুটে যায় দোকান মালিকের কাছে।
শিশু মোহাম্মদ আলমের সততায় ও বাজারের ব্যবসায়ী সমিতির নেতাদের সহযোগিতায় গত সোমবার রাতেই হারিয়ে যাওয়া টাকা ফেরত পান ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ। পটিয়া কচুয়াই গ্রামের বাসিন্দা তিনি।
শিশু মোহাম্মদ আলম যে দোকানে কাজ করে তার মালিক নুরুল ইসলামও আলমের সততায় গর্বিত। তিনি বলেন, ‘রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার আগে বাজারে ঘোরাঘুরি করছিল আলম। তখনো দোকান বন্ধ করিনি। হঠাৎ বাজারে একটি কাগজের ব্যাগ দেখতে পেয়ে কুড়িয়ে নেয় আলম। খুলে ভেতরে অনেক টাকা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে। ভেতরে ছিল ৩ লাখ ১০ হাজার টাকা। টাকার ব্যাগটা তখন বাজারের ব্যবসায়ী সমিতির নেতা শাহ আলমের কাছে জমা দিই।’
মুন্সেফবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, টাকার ব্যাগটি পাওয়ার পর বাজারের ব্যবসায়ীরা এর মালিককে খুঁজতে থাকেন। এ সময় দেখা যায় এক ব্যক্তি দোকানে দোকানে কী যেন খুঁজছেন। তাঁকে ডেকে জানা যায় তিনি টাকার ব্যাগ হারিয়েছেন। পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে সবার উপস্থিতিতে মালিককে টাকা ফেরত দেওয়া হয়।
মোহাম্মদ খোরশেদ বলেন, ‘বাজারে পৌঁছার পর তাঁর মুঠোফোনে এক বন্ধুর কল আসে। তখন এক দোকানের মালামালের ওপর টাকার ব্যাগ রেখে কথা বলতে বলতে হাঁটতে শুরু করেন তিনি। পরে যখন ব্যাগের কথা মনে হয়, তখন দেখেন তাঁর সঙ্গে ব্যাগটি নেই। ফেরত পাওয়ার আশা না থাকলেও খুঁজতে থাকেন। পরে বাজার সমিতির নেতারা ডেকে টাকা ফেরত দেন। তিনি বলেন, শিশুটির কথা আমার চিরদিন মনে থাকবে।’
শিশু আলমের বাবা শামসুদ্দিন পটিয়া ইন্দ্রপুল এলাকায় লবণ কারখানায় শ্রমিকের কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে তিন বছর ধরে মুন্সেফবাজারে ১ হাজার ৮০০ টাকা বেতনে চাকরি করছে আলম। সে বলে, ‘মা বলেছেন কুড়িয়ে পাওয়া টাকা ঘরে আনিস না। পরের টাকায় বড়লোক হওয়ায় সম্মান নেই। তাই মায়ের কথামতো টাকা ফেরত দিয়েছি। নিজের আয় দিয়েই চলতে চাই।’