শিশু আলিফও চলে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস সিলিন্ডারের আগুনে গতকাল শনিবার কেরানীগঞ্জের দেড় বছর বয়সী শিশু আলিফের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। আজ সে মারা গেছে। ফাইল ছবি
গ্যাস সিলিন্ডারের আগুনে গতকাল শনিবার কেরানীগঞ্জের দেড় বছর বয়সী শিশু আলিফের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। আজ সে মারা গেছে। ফাইল ছবি

ছোট্ট তুলতুলে শরীর। বয়স মাত্র দেড় বছর। এই বয়সেই আলিফ মিয়াকে সইতে হয়েছে রাজ্যের যন্ত্রণা। গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে মা-নানি আগেই চলে গেছেন। ৯০ শতাংশ পোড়া শরীর নিয়ে কয়েক ঘণ্টা বেঁচে ছিল শিশুটি। অব্যক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবশেষে আলিফও পাড়ি জমিয়েছে না-ফেরার দেশে।

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে গুরুতর দগ্ধ শিশু আলিফ গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে মারা গেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিল। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, আলিফের শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। তার মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।

একই ঘটনায় আলিফের মা জলি বেগম (২২) ও নানি আকলিমা বেগম (৪২) গতকালই মারা গেছেন। তাঁদেরও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সিলিন্ডার বিস্ফোরণ নয়, বরং এর ফুটো দিয়ে আগে থেকেই ছড়িয়ে পড়া গ্যাস থেকে আগুন ধরে। রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

কামরাঙ্গীরচরের মজিবর ঘাট এলাকার এক বাসায় শিশুসন্তান আলিফ ও স্বামী রমজান মিয়াকে নিয়ে থাকতেন জলি বেগম। স্বজনেরা জানান, গতকাল সকালে জলিদের দেখতে যান তাঁর মা আকলিমা। বেলা ১১টার দিকে তাঁরা রান্না করতে গেলে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে বাসার ভেতরে আগুন ধরে যায়। আশপাশের লোকজন ছুটে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে আকলিমা ও রাত সাড়ে ১০টার দিকে জলি মারা যান। 

আলিফের বাবা রমজান বলেন, বাসায় গ্যাসসংযোগ থাকলেও দিনে গ্যাস সরবরাহ থাকে না। তাই পাঁচ-ছয় মাস ধরে রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছিল।