শিশু ইব্রাহীম-শাওনের গরু দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটগুলোতে বড়দের সঙ্গে গরু দেখতে এসেছে ছোট্ট শিশুরাও।ছবি: আসাদুজ্জামান
হাটগুলোতে বড়দের সঙ্গে গরু দেখতে এসেছে ছোট্ট শিশুরাও।ছবি: আসাদুজ্জামান

আর চার দিন পরই কোরবানির ঈদ। এ জন্য রাজধানীতে বসেছে পশুর হাট। হাটগুলোতে বড়দের সঙ্গে গরু দেখতে এসেছে ছোট্ট শিশুরাও। হাটে বড় বড় গরু দেখেই শিশুদের সে কি আনন্দ। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার ধূপখোলা মাঠ, ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ এবং যাত্রাবাড়ী গরুর মাঠে ঘুরে এ চিত্র দেখা গেছে।

ধূপখোলার মাঠে লাল রঙের একটি গরু তুলেছেন ঝন্টু ব্যাপারী। গরুটি বেশ বড়। তিনি গরুটির দাম হাঁকছেন ছয় লাখ টাকা। তা দেখতে ভিড় করেছে অনেক মানুষ। সেখানে দাঁড়িয়ে গরুটি দেখছে ছোট্ট শিশু ইব্রাহীম। এসেছে বাবার সঙ্গে। ইব্রাহীম তার বাবাকে তখন বলছিল, ‘বাবা কত বড় গরু!’

ধূপখোলার মাঠ। ছবি: আসাদুজ্জামান
ধূপখোলার মাঠ। ছবি: আসাদুজ্জামান

ইব্রাহীমের বাবা আবদুর রহমান বলেছেন, ‘ইব্রাহীম গরু দেখে অনেক আনন্দ পেয়েছে। ওর আনন্দই আমার বড় আনন্দ।’ ছোটখাটো চাকরি করি, তাই এত দামে গরু কেনার সামর্থ্য নেই বলেও জানান তিনি। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত ঘুরে ঘুরে বাবার হাত ধরে গরু দেখে ইব্রাহীম।

ইব্রাহীমের মতো আরেক শিশু শাওনও এসেছে ধূপখোলা মাঠে গরু দেখতে। ছোট্ট শাওনকে দেখে গরুর ব্যাপারী আবদুল আজিজ বলছেন, ‘সোনামণি, তুমি গরু কিনতে এসেছ? নেবা আমার গরু।’ শাওন তখন মুখ নেড়ে বলছে, ‘না। না। গরু দেখছি। পরে কিনব।’ শাওন এসেছে বাবার বড় বেকারির দোকানের কর্মচারী হেলালের সঙ্গে। সে ঘুরে ঘুরে গরু দেখতে থাকে। বড় বড় গরু দেখেই শাওন চিৎকার দিয়ে বলে, ‘হেলাল ভাইয়া, কত বড় গরু! বাবাকে বলব, বড় গরু কিনতে।’

ঘুরে ঘুরে বাবার হাত ধরে গরু দেখে ইব্রাহীম।ছবি: আসাদুজ্জামান
ঘুরে ঘুরে বাবার হাত ধরে গরু দেখে ইব্রাহীম।ছবি: আসাদুজ্জামান

পুরান ঢাকার ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠে এসেছে রাকিব, রাজন ও পবন। এরা তিনজনই বন্ধু। এই তিনটি শিশুই হয়তো জানে, বাবারা এত দাম দিয়ে গরু কিনতে পারবেন না। যখনই ধোলাইখাল মোড়ে গরুবোঝাই ট্রাক এসে থামছে, তখনই তারা বলছিল, ‘এই ট্রাকেই বড় গরু এসেছে।’ এই তিন শিশু বলছিল, ‘গরু দেখতে খুব ভালো লাগে। মাঠে কত বড় বড় গরু এসেছে।’

রাজধানীর পুরান ঢাকার গরুর হাটগুলোতে ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ ও যশোর অঞ্চলের গরু তোলা হয়েছে। সাদেক হোসেন খোকা মাঠে কালো রঙের গরুটির নয় লাখ টাকা দাম হেঁকেছেন সায়েদ হোসেন। হাটে ১২টি গরু তুলেছেন তিনি। সায়েদ বললেন, বেচাকেনা এখনো শুরু হয়নি। তাঁর আনা সব গরুই অনেক বড়। এগুলোর মূল্য পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন তিনি।

ধূপখোলা মাঠে গরু দেখছে শিশু শাওনও। ছবি: আসাদুজ্জামান
ধূপখোলা মাঠে গরু দেখছে শিশু শাওনও। ছবি: আসাদুজ্জামান

সায়েদের কালো গরুটি দেখেই শিশু সাদমান বলছিল, ‘বাবা, এই গরুটি বাজারের সেরা। এই গরু কিনতে হবে।’ সাদমানের কথা শুনে তার বাবা আবুল হাসনাতকে হাসতে দেখা যায়। হাসতে হাসতে হাসনাত বললেন, ‘ছেলের আবদার মেটাতে হবে। ওদের আনন্দই আমাদের আনন্দ।’

ধূপখোলা মাঠে গরু দেখছে শিশু শাওনও। ছবি: আসাদুজ্জামান
ধূপখোলা মাঠে গরু দেখছে শিশু শাওনও। ছবি: আসাদুজ্জামান