শিশু একাডেমীতে আজ থেকে শুরু হচ্ছে বইমেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত বইমেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। মেলা শেষ হবে ২৭ মার্চ।
গতকাল বুধবার শিশু একাডেমীর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন বেলা তিনটা থেকে মেলা শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বইমেলায় শিশু-কিশোরদের প্রকাশনা আছে, এমন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
আজ সকালে শিশু একাডেমী প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল।
সংবাদ সম্মেলনে শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, শিশু একাডেমীর অন্যতম লক্ষ্য শিশুদের হাতে বই তুলে দেওয়া, শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বইয়ের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্ম কোমলমতি শিশু-কিশোরদের বই পাঠের প্রতি আগ্রহী করতে হবে।
লিখিত বক্তব্যে একাডেমীর পরিচালক আনজীর লিটন বলেন, শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিষয়ক বইও থাকবে। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো ২৫ ভাগ ছাড়ে বই বিক্রি করবে।