শিশু একাডেমীতে বইমেলা শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে নয় দিনব্যাপী বইমেলা। মেলায় শিশুতোষ বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধবিষয়ক বইও পাওয়া যাচ্ছে।
গতকাল শুক্রবার এ মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন।
অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বই হচ্ছে আলোর কারখানা। প্রতিটি শিশুর হাতে বই তুলে দিতে হবে। এতে করে তাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। যে যত বেশি বই পড়বে, সে তত আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জায়েদ বখ্ত, শিশু একাডেমী বইমেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব রেজিনা আক্তার।
অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলাটি প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।