শিশু ও কর্মজীবী মায়ের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসের শিশুকে নিয়ে বিদ্যালয়ের বাইরে একটি গাছের নিচে বসে আছেন গৃহপরিচারিকা বৃষ্টি। শিশুটির মা কাকলি আক্তার ভেতরে ক্লাস নিচ্ছেন। সুযোগ পেলেই তিনি সন্তানের কাছে আসেন। পাশের বাড়িতে গিয়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান।
কাকলি আক্তার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বিদ্যালয়টির ভেতরে শিশু রাখার কোনো জায়গা নেই। নেই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর (দুগ্ধপান) মতো কোনো জায়গা। বাধ্য হয়ে এ ব্যবস্থা নিতে হয়েছে কাকলি আক্তারকে।
ঝিনাইদহ জেলার চার হাজারেরও বেশি নারী কর্মস্থলে গিয়ে কাকলির মতো সমস্যায় পড়ছেন। তাঁরা বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। জানা গেছে, ঝিনাইদহ জেলায় ৮৯৬টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২ হাজার ৫২২ জন নারী শিক্ষকতা করছেন। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় ৮০০ নারী। বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও কলকারখানায় হাজারের বেশি নারী কাজ করেন। তাঁরা একদিকে কর্মকর্তা-কর্মচারী, অন্যদিকে মা। চাকরির পাশাপাশি তাঁদের লালন-পালন করতে হয় শিশুসন্তানকেও।
স্কুলশিক্ষক কাকলি আক্তার জানান, তিনি ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। বাচ্চা জন্মের আগে দুই মাস, পরে চার মাস ছুটি কাটিয়েছেন। কর্মস্থলে ফেরার পর তাঁর বাচ্চাটিকে বিদ্যালয়ের কোনো কক্ষে রাখার জায়গা দেওয়া হয়নি। প্রধান শিক্ষক বাচ্চাকে বাইরে রাখতে বলেন। বিদ্যালয়ের অনেক কক্ষ খালি পড়ে থাকলেও বাচ্চা রাখার নিয়ম না থাকার অজুহাতে বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
কাকলি আরও বলেন, তাঁদের বাড়ি কুষ্টিয়ায়। চাকরির প্রয়োজনে ঝিনাইদহে থাকেন। তাঁর স্বামীও চাকরি করেন। ভাড়া বাসায় থাকেন। গৃহপরিচারিকা ছাড়া বাসায় কেউ থাকেন না। এ কারণে বাচ্চা সঙ্গে আনতে হয়।
আরেক শিক্ষিকা নাম প্রকাশ না করে বলেন, দুটি বাচ্চা বড় করতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। স্কুলে শিক্ষকদের কক্ষে বাচ্চাকে দুগ্ধপান করানো যায় না। প্রধান শিক্ষকের কাছে কক্ষ চেয়েও পাননি তিনি। তিনি বলেন, নারীরা চাকরির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাই এটা এখন বড় সমস্যায় পরিণত হয়েছে। সবার উচিত, নিজের প্রতিষ্ঠানে দুগ্ধপান কর্নার বা দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা।
ঝিনাইদহের নারী আন্দোলনের নেত্রী নুরুন্নাহার কুসুম বলেন, তিনি নিজেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনটি সন্তান বড় করেছেন চাকরিকালেই। পাশের বাড়ি বাচ্চা রেখে এসেছেন। মাঝেমধ্যে সেখানে যেতেন, বাচ্চার খাওয়ার ব্যবস্থা করতেন।
জেলা শহরের স্বেচ্ছাসেবী সংস্থা সৃজনী বাংলাদেশের নির্বাহী পরিচালক হারুন-অর রশিদ বলেন, এনজিওগুলোতে বহু নারী কাজ করেন। তাই বাচ্চা লালন-পালনের সময় এসব নারীর জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। তিনি বলেন, তাঁদের সংস্থায় একটি কক্ষ রয়েছে যেটা মায়েরা ব্যবহার করেন।
জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান বলেন, বড় বড় কিছু শহরে দিবাযত্ন কেন্দ্র আছে, ঝিনাইদহ জেলায় এটা করা জরুরি হয়ে পড়েছে। দুগ্ধপান কর্নার বা দিবাযত্ন কেন্দ্র থাকলে নারীরা তাঁদের সন্তানকে লালন-পালনে কষ্ট পাবেন না। বর্তমানে যেভাবে তাঁরা সন্তান বড় করছেন—তা খুবই কষ্টদায়ক।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, এগুলো (দিবাযত্ন কেন্দ্র) চালু করার সময় এসে গেছে।