শিশু ও কলেজছাত্রীসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় শিশু ও কলেজছাত্রীসহ নয়জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:গৌরনদী (বরিশাল): সোমবার রাতে উপজেলার কমলাপুর গ্রামের মৃত মতলেব বেপারির মেয়ে পারভীন আক্তারের সঙ্গে উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের সত্তার ফকিরের ছেলে হানিফ ফকিরের বিয়ে হয়। গতকাল সকাল সাড়ে আটটায় নববধূসহ বর হানিফ ফকির পরিবারের ১১ জন সদস্য নিয়ে নছিমনে করে বাড়ি ফিরছিলেন। তারাকুপি মহব্বত আলী বেপারির বাড়ির কাছে পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী অজ্ঞাতনামা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরের চাচি হোসনে আরা বেগম (৩৫) ও চাচাতো বোন নাছিমা বেগম (২৫) নিহত হন। আমতলী (বরগুনা): উপজেলার আমতলী-হলদিয়া সড়কের দফাদারের ব্রিজের কাছে গতকাল সকালে একটি টমটমের ধাক্কায় ইমরান (৯) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের বশির হাওলাদারের ছেলে। ঝালকাঠি: নলছিটি উপজেলায় গতকাল পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সকালে নলছিটি-মোল্লারহাট সড়কের মাদারঘোনায় একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মানিক সিকদার (২৪) মারা যান। বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে উপজেলার ঢাপরে অপর দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সোমবার রাত আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা বাজারে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. জহিরুল হক (২৮) নামের প্রবাসী এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি বেড়তলা গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ নামক স্থানে সোমবার দুপুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রী নিহত এবং অপর দুই আরোহী আহত হয়েছেন। নিহত রোমানা খাতুন (২৫) বগুড়া সরকারি মজিবর রহমান মহিলা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী। খাগড়াছড়ি: সোমবার পৃথক দুটি দুর্ঘটনায় মানিকছড়ি উপজেলার যোগ্যছলা এলাকার আয়েশা খাতুন (৪৫) এবং রামগড় উপজেলার বেলতুরুম টিলাপাড়ার নবীন কুমার ত্রিপুরা (৪৩) মারা যান।