শিশু ও তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রাম থেকে গতকাল সোমবার আনোয়ার হোসেন (২২) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বিলওয়াই গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটা থেকে মো. রাব্বি (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আনোয়ার হোসেন বর্ণি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। পরে রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। গতকাল দুপুরের দিকে গ্রামের ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
হাজীগঞ্জের বিলওয়াই গ্রামের জয়নাল আবদিনের ছেলে রাব্বি ৯ জানুয়ারি বাড়ি থেকে নিখোঁজ হয়। রাব্বি পৌরসভার রান্ধুনীমুড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবারের লোকজন জানান, বিলওয়াই গ্রামের পরিত্যক্ত মেসার্স পাটওয়ারী ইটভাটায় কয়লা কুড়াতে গিয়ে শিশুটি আর বাড়ি ফেরেনি। গতকাল সকালে তার পরিবারের লোকজন ইটভাটায় তার লাশ দেখতে পায়।
হাজীগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লরাশের ময়নাতদন্ত চলছে।