শিশু ও তিন চালকসহ সাতজন নিহত
সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় এক শিশু, চট্টগ্রামে মাইক্রোবাসের দুই চালক, জয়পুরহাটে এক মোটরসাইকেল চালকসহ পাঁচ জেলায় মোট সাতজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এ নিয়ে গত ৭৩ দিনে সারা দেশে সড়কে প্রাণ হারালেন অন্তত ৬৩৬ জন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লার বুড়িচং থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের রামপুর মেইল গেট এলাকায় একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে ফাতেমা আক্তার নামের ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে গতকাল তিনটি সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। নগরের প্যারেড কর্নার এলাকার সড়ক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে একটি প্রাইভেটকার দুটি রিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির চালক জাহিদুল ইসলাম (২৮) গুরুতর আহত হন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
এ ছাড়া চট্টগ্রামের আকবরশাহ থানার এসআই আমির হোসেন বলেন, গতকাল বিকেলে ফইল্যাতলী সেতু এলাকার কেএসআরএম কোম্পানির একটি মাইক্রোবাস বন্দরের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেলারের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক মো. মহসিন (৩৫) নিহত হন। এ ছাড়া নগরের চান্দগাঁও থানার সামনে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় ঝন্টু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বড় মেয়ে আমেনা বেগম বলেন, বাসা থেকে বের হয়ে টেম্পোতে ওঠার জন্য তাঁর বাবা চান্দগাঁও থানার সামনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি মিনি ট্রাক তাঁর বাবাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বলেন, গতকাল জয়পুরহাট পৌর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কের কাশিয়াবাড়ি এলাকায় বেলা তিনটার দিকে ব্যাটারিচালিত একটি রিকশা ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আবদুর রাজ্জাক (৩৫) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদরের পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হায়তন নেছা (৬০) উপজেলার কামারের চর বাজারে সড়ক পার হচ্ছিলেন, এ সময় একটি অটোরিকশা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফানু রায় (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শমশেরনগর-মৌলভীবাজার সড়কের আতুরের ঘর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কার ফানু রায়কে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। কমলগঞ্জ থানার এসআই মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।