শিশু ও দুই নারীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপার থেকে গত বুধবার রাতে এক বাংলাদেশি শিশু ও দুই নারীকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। দেশে ফেরার পথে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে একই রাতে ঠাকুরগাঁও সীমান্তের ওপারে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।
ফুলবাড়ী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মোসলেম আলীর স্ত্রী হাজরা বেগম (৫০), মেয়ে মঞ্জু বেগম (২৬) ও নাতনি আফসিনা (দেড় বছর)৷বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, ওই দিন গভীর রাতে উপজেলার খলিসাকোটাল গ্রামের পার্শ্ববর্তী আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪-এর ৯ এস সাব-পিলারের কাছ দিয়ে হাজরা বেগম, মঞ্জু বেগমসহ ১৪ জনের একটি দল ভারত থেকে দেশে ফিরছিলেন। এ সময় ভারতের নটকোবাড়ী ১২৪ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করে ওই তিনজনকে ধরে নিয়ে যান। বািকরা দেশে পালিয়ে আসেন। দালালের মাধ্যমে তাঁরা কাজের জন্য ভারতে যেতেন এবং পরে দেশে ফিরতেন।
কুড়িগ্রামের ৪৫ বিজিবি বালারহাট ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মতিউর রহমান বলেন, আটক ব্যক্তিদের ফেরত চাওয়া হয়েছে। তবে বিএসএফ বলেছে, তাঁদের ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে বিএসএফের হাতে আটক হন দুই বাংলাদেশি যুবক। ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তের ওপারে ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভদ্রেশ্বরী কলোিন গ্রামের আহাম্মদ আলীর ছেলে জাহিরুল ইসলাম (২৫) এবং হরিপুর উপজেলার মরাধর গ্রামের রাইসউদ্দীনের ছেলে মো. জুয়েল (১৬)।
বিজিবি ধর্মগড় ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইয়ার আহমেদ বলেন, কয়েক মাস আগে কাজের সন্ধানে এ দুজন ভারত গিয়েছিলেন। ঈদ উপলক্ষে দেশে ফিরতে বুধবার বিকেলে সীমান্তের ৩৭২ (৭) এস পিলার থেকে কিছুটা ভেতরে ভারতের উত্তর দিনাজপুর জেলার ডাঙ্গীপাড়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করছিলেন তাঁরা। এভাবে অবস্থান করার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ সেখানে গিয়ে তাঁদের আটক করে।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ বলেন, ওই দুই শ্রমিককে ফেরত চেয়ে বিএসএফের কাছে অনুরোধ জানানো হয়েছে।