শিশু ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তাঁরা। গতকাল দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক ইমরান হোসেন, প্রভোস্ট কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ সুকান্ত ভট্টাচার্য, কার্যনির্বাহী সদস্য আবুল বশর মোহাম্মদ আবু নোমান, নাজনীন নাহার ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক প্রমুখ। মানববন্ধনে শিশু ও নারী নির্যাতনবিরোধী নানা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের বিপুল পরিমাণ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশে নারীরা অর্ধেক জনশক্তির প্রতিনিধি। কাজেই আমাদের মা-বোনদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হতে হবে।’