শিশু ও নারীসহ বজ্রপাতে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই দিন দুপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুজন মারা যান। এদিকে সন্ধ্যায় রাজশাহীর বাগমারায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:
রাজশাহী: চারঘাট উপজেলার মিলিক লক্ষ্মীপুর গ্রামে দুপুরে রান্নাঘর থেকে খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে মিলি খাতুন (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বজ্রপাতে শরীর ঝলসে গেলে তাঁকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। একই সময় বাঘা উপজেলার রুস্তমপুর গ্রামে নিজ বাড়িতে বজ্রপাতে রাজিয়া বেগম (৪০) আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার মনাকষা-খড়িয়লি গ্রামে দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ইসারুল ইসলামের স্ত্রী হামিদা বেগম (৫৫) মারা যান। একই সময়ে পাশের আজমতপুর গ্রামে মোহামঞ্চদ কালু (৪১) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। মনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দীন জানান, হালকা বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হামিদা মারা যান। দোকান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কালুর মৃত্যু হয়।
বাগমারা (রাজশাহী): গতকাল সন্ধ্যার দিকে কুমারপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আসাদুল ইসলাম (১২) বাড়ির পাশে বিলে ভেড়া আনতে যায়। ভেড়া নিয়ে বাড়ি ফেরার পথে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আসাদুল ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাশের কাচারি কোয়ালীপাড়া গ্রামে বজ্রপাতে গৃহবধূ সখিনা বিবি (৪২) আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।