শিশু ও নিরাপত্তা কর্মকর্তাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় সাত বছরের এক শিশু ও এক নিরাপত্তা কর্মকর্তা খুন হয়েছেন। এর মধ্যে গত সোমবার রাতে রোজিনা আক্তার নামের ওই শিশু এবং গতকাল মঙ্গলবার সকালে রফিকুজ্জামান (৪৫) নামের ওই নিরাপত্তা কর্মকর্তার লাশ উদ্ধার করে পুলিশ। দুজনকেই জবাই করে হত্যা করা হয়েছে।
শিশু রোজিনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ও পরিবার ধারণা করছে। এ ঘটনায় মো. সুমন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রফিকুজ্জামান হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
পুলিশ জানায়, নিহত রোজিনার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে। উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়ার রশাদিয়ার বালুর মাঠ বস্তিতে বাবা-মার সঙ্গে থাকত। বাবা কহিল উদ্দিন ও মা মোমেনা বেগম ভিক্ষা করেই সংসার চালান। পাঁচ সন্তানের মধ্যে রোজিনা চতুর্থ। বড় সন্তান মনিজ্জা বিবাহিত। ছেলে মো. মনিরুল অপ্রকৃতিস্থ। জন্ম থেকেই ছোট ছেলে মো. মিলনের বাঁ হাত বাঁকা। সবার ছোট রুমার বয়স তিন বছর।
পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে বস্তির পাশের এলাকা খায়ের টেকের বাসিন্দা সুমন নামের এক যুবক রোজিনাকে পিঠা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান। রাত সাড়ে আটটার দিকে বালুর মাঠ বস্তির একটি পরিত্যক্ত ঘরের মেঝেতে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান স্বজনেরা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রোজিনার চাচা আশরাফ সরকার বাদী হয়ে সুমনকে আসামি করে মামলা করেন। পরে সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমন পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করলেও ধর্ষণের বিষয়টি অস্বীকার করছেন।
নিরাপত্তা কর্মকর্তা হত্যা: কাফরুল থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে দক্ষিণ কাফরুলের গির্জা রোডের ছয়তলা বাড়ির পাঁচতলার বাসা থেকে নিরাপত্তা কর্মকর্তা রফিকুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। লাশটি খাটের পাশে পড়ে ছিল। একটি হাত গামছা দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। চেয়ারটি খাটের ওপর কাত হয়ে ছিল। গলায় গভীর কাটা দাগ ও শরীরেও ছিল অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত।
নিহত রফিকুজ্জামান বনানীর একটি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (সমন্বয়) ছিলেন। এক মেয়ে মোছাম্মৎ হেনা ও স্ত্রী শিউলি আক্তারকে নিয়ে ওই বাসায় থাকতেন তিনি। মেয়ে মোছাম্মৎ হেনা ক্যান্টনমেন্টের একটি স্কুলের সপ্তম শ্রেণীতে পড়ে।
রফিকুজ্জামানের ভাগনে হাসিবুর রহমান সাংবাদিকদের জানান, এক স্বজনের বিয়ে উপলক্ষে গত রোববার রফিকুজ্জামানের স্ত্রী শিউলি মেয়েকে নিয়ে তাঁর (শিউলি) বাবার বাড়ি ক্যান্টনমেন্টের মানিকদিতে যান। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ফোনে শিউলির সঙ্গে রফিকুজ্জামানের কথা হয়। রফিকুজ্জামান অফিসে ছিলেন। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবারও ফোন করা হলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি ফোন ধরে বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। তাঁরা অফিসে যোগাযোগ করে জানতে পারেন, রফিকুজ্জামান বিকেল পাঁচটার দিকে বের হয়ে গেছেন। ওই দিকে বাড়িওয়ালাও জানান, বাসা তালাবদ্ধ। খোঁজ না পেয়ে সোমবার রাতে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গতকাল ভোরে স্ত্রী শিউলি বাসার দরজার তালা খুলে ভেতরে গিয়ে মেয়ের কক্ষে রফিকুজ্জামানের রক্তাক্ত লাশ দেখতে পান।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ওয়াজেদ প্রথম আলোকে বলেন, গলাসহ শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তীব্র ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।