রাজবাড়ীর গোয়ালন্দের ক্যানালঘাট এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চারজন এবং বরিশালের গৌরনদীতে এক পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হন। একই দিন সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, রংপুর, বাগেরহাট ও নোয়াখালীতে এক শিশুসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন।
এর আগে গত শনিবার গোয়ালন্দে বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ চারজন মারা যান। আহত হন অন্তত ৪০ জন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন জে লাইন পরিবহনের বাসের চালক ঝিনাইদহের আসাদুজ্জামান ওরফে সামাদ (৪২), লোকাল বাসের চালক রাজবাড়ী শহরের জাকির হোসেন (৩৭), মানিকগঞ্জের আ. রহিম (৬০) ও আজগর আলী (৬৫)। এর আগে শনিবার রাতে ওই এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান (৩০) নিহত হন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, বেপরোয়া গতিতে বাস চালানোয় ওই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড-সংলগ্ন দক্ষিণ বিজয়পুর এলাকায় সকালে বাসচাপায় পুলিশের এক কনস্টেবল ও দুই রিকশাযাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা যশোরের বেনাপোলগামী কে এম পরিবহনের একটি বাস বিজয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তল্লাশিচৌকিতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল ও পরে যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দেয়। নিহত ব্যক্তিরা হলেন কনস্টেবল জাহিদ হোসেন (৩৫), রিকশাযাত্রী গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাদা শরীফ (৪৫), গৌরনদীর ব্যবসায়ী সিরাজ হোসেন সরদার (৬২)। এ ঘটনায় আটজন আহত হন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে।
সাতক্ষীরা: দুপুরে জেলার কলারোয়ার গোপীনাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় সুমাইয়া (৭) নামের এক স্কুলছাত্রী মারা যায়। সে সাতক্ষীরা সদরের ওয়ারিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
বাগেরহাট: সকালে বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার-বেড়িবাঁধ সড়কে দুর্ঘটনায় হাসান হাওলাদার (২৮) নিহত হন। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পথচারী এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে হাসান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ইটের সারির সঙ্গে ধাক্কা খান। বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রংপুর: দুপুরে জেলার পীরগঞ্জের কলাবাড়ী এলাকায় মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় জমিতে কর্মরত আশরাফুল আলম (৪৫) ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নোয়াখালী: সকালে নোয়াখালীর হাতিয়ায় পণ্যবাহী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু জায়গায় পড়ে যায়। এতে বাদল চন্দ্র দাস ওরফে হৃদয় (২২) নামের এক তরুণের মৃত্যু হয়। পুলিশ জানায়, এ ঘটনায় আবদুল হক (৬০) নামের এক বাইসাইকেল আরোহী গুরুতর আহত হন।