শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে সফল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের কম বয়সী শিশু ও সন্তান জন্মদানের সময় মাতৃমৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার প্রকাশিত ‘শিশুমৃত্যুর হার ও প্রবণতা-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত সময়ে বিশ্বের আটটি দেশ শিশুমৃত্যু হ্রাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওই দেশগুলোতে শিশুমৃত্যু কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ। দেশগুলো হলো মালওয়ি, বাংলাদেশ, লাইবেরিয়া, তানজানিয়া, ইথিওপিয়া, পূর্ব তিমুর, নাইজার ও ইরিত্রিয়া।

এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন আরও উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়, বাংলাদেশে গত ১২ বছরে শিশুমৃত্যুর হার কমেছে ৭২ শতাংশ। আর মাতৃমৃত্যুর হার কমেছে ৬৯ ভাগ।

গবেষকেরা গত এক যুগে বাংলাদেশের এই সাফল্যের জন্য টিকা কর্মসূচি ও পরিবার পরিকল্পনা কর্মসূচিকে কৃতিত্ব দিচ্ছেন।

ব্র্যাকের ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথের নির্বাহী পরিচালক সাদিয়া আফরোজ চৌধুরী বিবিসি বাংলা বিভাগকে বলেন, মা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা বাংলাদেশকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে। তিনি বলেন, ১৯৯০-এর দশকে দেশে টিকাদান কর্মসূচির আওয়ায় ছিল মাত্র ২ থেকে ৩ শতাংশের মতো শিশু। এখন সেটা দাঁড়িয়েছে ৮০ শতাংশের ওপরে।

বাংলাদেশে শিশুমৃত্যুর অন্যতম কারণ ডায়রিয়া। সেটি ঠেকাতে ১৩ কোটি ঘরে অন্তত একজনকে খাবার স্যালাইনবিষয়ক তথ্য পৌঁছে দিতে পারাটাকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।