পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪৮ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৪৩৬ জন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডনের মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় গত মঙ্গলবার রাতে ট্রাকচাপায় নিহত হন গোলাপি বেগম (৪৫)। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার রাজাপুর এলাকার বাসিন্দা। চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
খুলনার রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর টোল প্লাজাসংলগ্ন বাইপাস সড়কে গতকাল সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় হুসাইন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে জাবুসা গ্রামের ব্যবসায়ী আহাদ শেখের ছেলে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসমাইলপুরে গতকাল সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবলুর রহমান (২৮) নামের এক চালক নিহত হন। তিনি ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন।
ময়মনসিংহের নান্দাইলের পাছরুখি বাজারের সেতুর ওপর রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় আল-আমিন (১৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিসাভার গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে।
কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী এলাকায় গতকাল বিকেলে ট্রাকচাপায় সুশীল কুমার বিশ্বাস (৪২) নামের মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি মিরপুর উপজেলার কচুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর বগুলা বাজার এলাকায় গতকাল বিকেলে ট্রাক ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গাড়ির যাত্রী লাকি আকতার (২৬), তাঁর ছেলে আতিকুর রহমান (৭), শাশুড়ি নূর নাহার (৬০) ও গাড়ির চালক দেলোয়ার হোসেন। তাঁদের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকায়। বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ইফতেখার আলম বলেন, ট্রাকটি হঠাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়লে দ্রুতগতির ব্যক্তিগত গাড়িটি এর পেছনে ধাক্কা দেয়।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলীতে গতকাল সকালে বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের ১০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একটি বাস গতকাল বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ১৮ জন শিক্ষার্থী আহত হন।