শিশু ও সংখ্যালঘু হত্যা-নির্যাতনের প্রতিবাদে সমাবেশ মানববন্ধন
দেশজুড়ে শিশু নির্যাতন এবং সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে গতকাল বগুড়া শহরে দুটি পৃথক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এসব আয়োজন থেকে শিশু ও সংখ্যালঘুদের নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার দাবি জানান বক্তারা।
শিশু নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২টায় শহরের সাতমাথায় শিশু-কিশোর মেলা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে শিশু সংগঠকেরা বলেন, হবিগঞ্জে চার শিশুকে হত্যার পর মাটিচাপা, বরিশালে সজীব মজুমদারের লাশ উদ্ধারসহ দেশজুড়ে শিশু নির্যাতনের নানা বীভৎস ঘটনা ঘটেছে। এসব হত্যা ও নির্যাতনের ঘটনা সামাজিক অবক্ষয়ের প্রতিফলন। এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রকে মধ্যযুগে ঠেলে দেওয়া হচ্ছে। শিশু হত্যা-নির্যাতন বন্ধে এখনই রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শিশুকিশোর মেলার সংগঠক কিবরিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাসুকুর রহমান, ধনঞ্জয় বর্মণ, ওসমান গনি প্রমুখ।
দুপুরে শহরের সাতমাথায় দেশজুড়ে সংখ্যালঘু হত্যা-নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও প্রবীণ চিকিৎসক এনসি বাড়ই।
সমাবেশে বক্তারা বলেন, একুশে ফেব্রুয়ারি জাতীয় দিবসে পঞ্চগড়ের দেবীগঞ্জের মঠে সাম্প্রদায়িক হামলা চালিয়ে মহারাজ যজ্ঞেশ্বর রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঠে হামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিক হত্যা, মন্দির-গির্জায় হামলার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে কঠিন শাস্তি নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় জাতীয় কমিশন গঠন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
সমাবেশে ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক নিরঞ্জন সিংহ, ববিতা রানী বর্মণ প্রমুখ বক্তব্য দেন।