হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যাসংকটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে রোগাক্রান্ত শিশুরা।হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান জানান, হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করতে আবেদন জানানো হয়েছে। ২৫০ শয্যা হলে সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, ওই ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। ১৯ শয্যাবিশিষ্ট ওই ওয়ার্ডের মেঝেতে অবস্থান করছে শতাধিক শিশুরোগী। আর তাদের সঙ্গে রয়েছেন কমপক্ষে একজন করে অভিভাবক। সকাল ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক আবু সুফিয়ান ওয়ার্ডে প্রবেশ করেন। সঙ্গে সঙ্গে অভিভাবকদের মধ্যে শুরু হয় আগে রোগী দেখানোর প্রতিযোগিতা। অনেক কষ্ট করে চিকিৎসক আবু সুফিয়ান অভিভাবকদের ওয়ার্ড থেকে বের করে দরজা বন্ধ করে রোগী দেখা শুরু করেন। এ সময় বাইরে থেকে পর্যায়ক্রমে দরজায় কড়া নাড়ার শব্দে আবু সুফিয়ানের রোগী দেখা ব্যাহত হয়। এ সময় চিকিৎসকের সঙ্গে থাকা জ্যেষ্ঠ সেবিকা প্রীতিকণা দে জানান, ১৯ শয্যার এ ওয়ার্ডে প্রতিদিন ১২ থেকে ১৫ জন রোগী ভর্তি হয়। বর্তমানে ওয়ার্ডটিতে রোগীর সংখ্যা শতাধিক। তিনি বলেন, রোগীর সঙ্গে আসা অতিরিক্ত লোকজনের কারণেই চিকিৎসাসেবা বেশি ব্যাহত হচ্ছে। চিকিৎসক আবু সুফিয়ান বলেন, রোগীর সংখ্যা যতই হোক, চিকিৎসা দেওয়া কোনো বিষয় নয়। সমস্যা হলো শয্যাসংকট এবং এর ফলে সৃষ্ট পরিবেশের। তিনি এ ওয়ার্ডের অবকাঠামোগত পরির্বতনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।হবিগঞ্জ শহরতলির জালালাবাদ গ্রামের আম্বিয়া বেগম জানান, তাঁর দেড় বছরের শিশুকে চার দিন আগে হাসপাতালে ভর্তি করেন। শয্যা না পেয়ে অনেক কষ্ট করে নিজ উদ্যোগেই তিনি মেঝেতে স্থান করে নিয়েছেন।উমেদনগর এলাকার এক রোগীর অভিভাবক জানান, এ ওয়ার্ডে চিকিৎসক পাওয়া গেলেও শয্যা নেই। যে কারণে অনেকেই চিকিৎসা নিতে পারছে না।