শিশু কবিতার হত্যাকারীদের ফাঁসির দাবি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালীগঞ্জ ফুলবাগান মহল্লার চার বছরের শিশু কবিতাকে হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন।
গত ৩০ আগস্ট কুরবান আলীর মেয়ে কবিতাকে অপহরণ ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। গত ৪ সেপ্টেম্বর অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিহাব ও সাগরকে আটক করে র্যাব। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, ওই দিন রাতে পৌর এলাকার পোল্লাডাঙ্গা মহল্লার একটি চাতালের পেছন থেকে কবিতার লাশ উদ্ধার করা হয়। পরে কবিতার বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।
গতকাল সকালে এলাকার হাজার খানেক লোক বটতলাহাট থেকে বিক্ষোভ মিছিল করে শহরের শহীদ সাটু হলের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবদুল মতিন, কাউন্সিলর আবদুল বারেক, জাসদ নেতা মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা কবিতাকে অপহরণের পর হত্যাকারীদের ফাঁসির দাবি এবং মামলাটি দ্রুত বিচার আদালতে স্থানান্তরের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মাকরলিপি দেওয়া হয়।