শিশু কর্মচারীকে কুপিয়ে হত্যা
রাজশাহী নগরের একটি হোটেলের শিশু কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গতকাল শনিবার সকালে হোটেলের মালিককে গ্রেপ্তার করেছে। হোটেলের মালিকের নাম আশরাফ আলী (৪৫)। নিহত শিশুর নাম সানোয়ার হোসেন (১৩)। তার বাবার নাম আনারুল ইসলাম। তিনি একজন রিকশাচালক। তাঁর বাড়ি নগরের বালিয়া পশ্চিমপাড়া গুচ্ছগ্রামে। আনারুল ইসলাম জানান, বছর দেড়েক থেকে তাঁর ছেলে নগরের কাশিয়াডাঙ্গা মোড়ে পদ্মপাতা ভাতঘর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিল। শুক্রবার সন্ধ্যার পরে তাঁকে খবর দেওয়া হয়, তাঁর ছেলের পেট কেটে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তখনই হাসপাতালে আসেন। তখনো তাঁর ছেলের পুরো জ্ঞান ছিল। কীভাবে আহত হয়েছে, জানতে চাইলে ছেলে তাঁকে বলেছে, ‘পানি দিতে দেরি হওয়ার কারণে হোটেলের মালিক আশরাফ তাকে হাঁসুয়া দিয়ে কুপিয়েছে।’ তিনি বলেন, রাত তিনটার দিকে ছেলের অস্ত্রোপচার করা হয়। সকাল ছয়টার দিকে সে মারা যায়। থানায় আটক আশরাফের সঙ্গে পুলিশ কথা বলতে দেয়নি। তাঁর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোটেলের নারী কর্মচারীদের সঙ্গে সানোয়ার বেশি কথা বলত। এ জন্য তাকে একটু শাসন করেছিলেন। এ সময় পা পিছলে হাঁসুয়ার ওপর পড়ে সে আহত হয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় ছেলের বাবা হোটেল মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সকালেই হোটেলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।