শিশু কারিগরদের হাতে ঝলমলে ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট দুই হাতে আপন মনে লোহার ছোট কাটা দিয়ে কাজ করছে ১১ বছর বয়সী ছেলেটা। কালো জমিনের ওপর রঙিন সুতা আর পুঁতির মিশেলে ফুটে উঠছে বাহারি সব নকশা। এ খুদে কারিগরের নাম শোয়েব। পোশাকে জারদৌসি, কারচুপিসহ রুচিশীল হাতের কাজের জন্য ঐতিহ্যবাহী এলাকা চট্টগ্রামের খুলশী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার ঝাউতলা। লোকমুখে পরিচিত ‘বিহারি কলোনি’ নামে। এ বিহারি কলোনিতেই ‘পাপ্পু ফ্যাশন অ্যান্ড বুটিক’-এ পোশাকে বাহারি সব নকশা তোলার কাজ করে শোয়েব। ঈদ সামনে রেখে বিহারি কলোনির ছোট-বড় সব বয়সী কারিগর ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখানকার প্রায় ২০টি কারখানায় কাজ করেন দুই থেকে আড়াই শ কারিগর। তাঁদের বেশির ভাগ শোয়েবের মতো শিশু। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই শুধু দেখে দেখেই নকশা তোলার জটিল কাজটি রপ্ত করেছে এসব শিশু কারিগর।গতকাল শনিবার বিহারি কলোনিতে গিয়ে দেখা যায়, শাড়ি, বোরকা, পাঞ্জাবিতে রঙিন সুতা, পাথর ও পুঁতি দিয়ে করা হচ্ছে বৈচিত্র্যময় ও নজরকাড়া সব নকশা। দীর্ঘ দুই দশক ধরে এখানে পোশাকে নকশা তোলার কাজ চলছে। কিন্তু উপকরণের দাম বৃদ্ধি ও যন্ত্রে নকশা করা বিদেশি পোশাকের সঙ্গে প্রতিযোগিতা এ দুই কারণে পিছিয়ে পড়ছেন এখানকার কারিগররা। কারখানার মালিকেরা বলছেন, এখন তাঁদের ‘দুর্দিন’ চলছে। বিহারি কলোনির পাপ্পু ফ্যাশন অ্যান্ড বুটিকের মালিক মোহাম্মদ পাপ্পু বলেন, ‘সারা বছরই কাজের ফরমায়েশ পাই কিন্তু ঈদ এলে কাজের পরিমাণ বাড়ে। গত তিন-চার দিনে ১৫টি বোরকার কাপড়ে নকশা তোলার কাজ পেয়েছি।’জানা গেছে, এ কলোনিতে ছোট-বড় প্রায় ২০টি কারখানায় বিভিন্ন বয়সী মোট কারিগরের সংখ্যা প্রায় আড়াই শ। এখানকার বিভিন্ন পোশাকের কাপড়ে ফুলের নকশা করা পোশাক চলে যায় নগরের বিভিন্ন বিপণিবিতানের শোরুমগুলোতে। কারখানাগুলো ঘুরে দেখা গেছে, এখানে কর্মরত বেশির ভাগ শ্রমিকই শিশু। স্কুলে পড়ার পাশাপাশি তারা বাড়তি কিছু আয়ের আশায় এ কাজ করে। কলোনির কারখানার কারিগরদের বেতন দেওয়া হয় সপ্তাহ হিসেবে। শুক্রবার বন্ধ রেখে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ চলে। পারিশ্রমিক হিসেবে বড়দের দেওয়া হয় দেড় থেকে দুই হাজার টাকা। শিশু কারিগররা সপ্তাহে পায় ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।এমনই কয়েকজন শিশু আরজু হোসেন, ইমন হোসেন এবং মোহাম্মদ ইরফান। ইউসেপ স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ইমন হোসেন বলে, ‘শুক্র ও শনিবার দুই দিন স্কুল বন্ধ থাকে। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল শেষে তড়িঘড়ি করে দুইটা ভাত খেয়ে কাজে চলে আসি। কাজ করি রাত পর্যন্ত। বেতনের টাকা মাকে দিয়ে দিই।’ বিহারি কলোনির ইয়াসিন বুটিকসের কারিগর মোহাম্মদ নাসিম জানান, ‘একটি শেরওয়ানির কাপড়ে ফুল তোলার কাজ শেষ করতে দুই দিন লাগে। উপকরণ হিসেবে ব্যবহার করা হয় বাহারি রঙের সুতা, পাথর, চুমকি, জরি, স্প্রিং নল, ধাতব নল, প্লাস্টিকের পুঁতি প্রভৃতি। কাজের ওপর নির্ভর করে প্রতিটি পোশাকের মূল্য নির্ধারণ করা হয়। হাতের কাজ যত ভারী হবে, তত বাড়ে মজুরির দাম।’এখানকার কারখানাগুলোতে প্রতিটি শেরওয়ানির জন্য মজুরির দাম পড়ে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বোরকা, শাড়ি ও থ্রিপিসের নকশা করতে খরচ পড়ে ৮০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত।