শিশু-কিশোরদের মেলা বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মালিহার বয়স কত আর—সাত কিংবা আট হবে। একটি স্টলে সে দেখছিল সওদাগর ও জ্বীন বইটি। তার বাবা নিজে বইটি খুলে দেখাতে চাইলে মালিহা বিরক্ত হয়ে বলে, ‘বাবা, আমাকে দেখতে দাও আগে, তুমি পরে দেখো।’
অমর একুশে গ্রন্থমেলায় গতকাল শুক্রবার পাঞ্জেরী প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে মালিহার জবাব মনে করিয়ে দেয়, তারও আলাদা একটা জগৎ আছে, চাহিদা আছে। মেলায় প্রতিবছরই শিশুদের জন্য আলাদা চত্বর থাকে। প্রকাশিত হয় অনেক বই, অনেক ধরনের বই। এবারও তাই হয়েছে।
মেলার দ্বাদশতম দিন শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। এদিন প্রবেশদ্বার খুলে দেওয়া হয় বেলা ১১টায়। শিশুপ্রহরের পুরো সময়টা বাবার কাঁধে চড়ে, মায়ের হাত ধরে খুদে পণ্ডিতেরা ঘুরে বেড়িয়েছে মেলাজুড়ে।
এবার মেলার শিশু কর্নারটি নিয়ে যাওয়া হয়েছে মেলার বর্ধিত অংশ সোহরাওয়ার্দী উদ্যানে। বরেণ্য শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের নামে এবারের শিশু কর্নার সাজানো হয়েছে। এখানে রয়েছে ৩৯টি শিশু প্রকাশনা সংস্থা।
সকালে সিসিমপুরের শুক্রবারের আয়োজনটা ছিল একেবারেই ভিন্ন। বিচিত্র রঙে সাজানো বর্ণাঢ্য সেটে ছিল ইকরি, টুকটুকি, হালুম ও শিকুর প্রাণবন্ত পরিবেশনা। সেই সঙ্গে সিসিমপুরের নতুন একটি সিডি ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এই আয়োজনে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ইয়ানিনা জেরুজালেস্কি। আসাদুজ্জামান নূর শিশুদের সঙ্গে কুশল বিনিময় শেষে অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শিশুরা ফুলের মতো। এই ফুলকে ফুটতে দিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এদের নিজের ইচ্ছেমতো পড়তে দিতে হবে। ওদের দেখতে দিতে হবে আকাশ, নদী, পাহাড়, ফুল, পাখি ও জোনাকির সৌন্দর্য।’
সকালে তো ছিলই, বিকেলেও ছিল জনস্রোত। মেলার প্রায় সব কটি প্রবেশপথে দীর্ঘ সারি বেঁধে মানুষ প্রবেশ করেছে।
শিশুদের সিরিজ বই প্রকাশে সবচেয়ে এগিয়ে আছে পাঞ্জেরি। তারা প্রকাশ করেছে শিশুদের জন্য বেশ কয়েকটি সিরিজ। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক ও পাঞ্জেরী পাবলিকেশনসের পরিচালক কামরুল হাসান বললেন, এবার বিভিন্ন জনপ্রিয় সিরিজের পাশাপাশি তাঁরা সেলিনা হোসেনের রাসেলের জন্য অপেক্ষা বইটি প্রকাশ করেছেন। তা ছাড়া এ প্রতিষ্ঠান থেকে আরও এসেছে শার্লক হোমসের কয়েকটি সিরিজ, আলম তালুকদারের বাচ্চা কালের কাচ্চা ছড়া, কামাল হোসাইনের লেখা ছড়ায় ছড়ায় বর্ণমালা, গুপী গাইন বাঘা বাইন ইত্যাদি বই। কথা হলো বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক মোশতাক আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘সবার জন্যই লিখি, তবে শিশু-কিশোরেরাই সায়েন্স ফিকশনটার প্রতি বেশি আগ্রহ দেখায়। তাই বেশি সতর্ক হয়ে লিখতে হয়।’
প্রথমা প্রকাশনও শিশু-কিশোরদের বেশ কয়েকটি বই বের করেছে। এর মধ্যে আছে আনিসুল হকের বাগানবাড়ি রহস্য, রকিব হাসানের ক্যানারি দ্বীপের রহস্য, ছায়া শহর, গোলকরহস্য, মশিউল আলমের তুমুলের আঙুল রহস্য। ঝিঙেফুল এনেছে আল মাহমুদের ছায়ায় ঢাকা মায়ার পাহাড়। চন্দ্রাবতী একাডেমি এনেছে জাহীদ রেজা নূরের পোখারায় ওরা কারা, মাহফুজুর রহমানের পরি নামে পাহাড়। কয়েকটি প্রতিষ্ঠান শিশুদের জন্য গল্প ও কবিতার সঙ্গে জুড়ে দিয়েছে অডিও-ভিডিও সিডি। এতে রয়েছে শিশুতোষ নৃত্যনাট্য, গান আর আকর্ষণীয় অ্যানিমেশন। শিক্ষামূলক এ প্রকাশনাগুলোয় ছবি আঁকা, গুনতে শেখা, ঈশপের গল্প, দেশি-বিদেশি গল্প ইত্যাদি সংযোজিত হয়েছে। রয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালার বিশেষ আয়োজন। কাকলী প্রকাশনী এনেছে মুহম্মদ জাফর ইকবালের তিতুনি এবং তিতুনি। রকিব হাসানের নতুন গোয়েন্দা উপন্যাস বিষাক্ত ছুরি।
বিকেলে মেলায় আসেন জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। সঙ্গে স্ত্রী ইয়াসমিন হক। জাফর ইকবাল আসতেই তাঁকে ছেঁকে ধরে শিশু-কিশোরেরা। তাদের অটোগ্রাফের আবদার মেটাতে হয়েছে দীর্ঘ সময় ধরে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের একাডেমির নজরুল মঞ্চে চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের সিসিমপুর মঞ্চে এবারের মেলায় সব থেকে খুদে লেখক অলীন বাসারের দ্বিতীয় বই ভুতুড়ের মোড়ক উন্মোচন করলেন কথাসাহিত্যিক আনিসুল হক ও নাট্যকার খায়রুল বাসার।
গতকাল মেলায় ২৮০টি নতুন বই এসেছে। সকালে মেলার মূল মঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে নজরুলচর্চা: অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশ নেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম, কবি ও সাংবাদিক হাসান হাফিজ এবং কবি রেজাউদ্দিন স্টালিন। সভাপতিত্ব করেন নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।