শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর দক্ষ করে তোলার লক্ষ্যে ঢাকায় আজ শুরু হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও ক্যাম্প। আজ ও কাল এ কংগ্রেস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করা হয়। ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০১৩’ নামের এ আয়োজন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। কংগ্রেসে জুনিয়র ও সিনিয়র বিভাগে খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করবে।

আজ সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের পর উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। সকালে উদ্বোধন শেষে চলবে বিজ্ঞান কুইজ, নেটওয়ার্কিং, নিবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শন ও প্রকল্প প্রদর্শন। আগামীকাল শনিবার এসবের পাশাপাশি স্বল্পমূল্যে বিজ্ঞান শিক্ষা উপকরণ প্রদর্শন, প্রকল্প তৈরি পদ্ধতি, গবেষণা নিবন্ধ লেখার উপায় ইত্যাদি বিষয়ে কর্মশালা হবে। বিকেলে আনুষ্ঠানিকভাবে সেরা প্রকল্প, পোস্টার তৈরি বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

কংগ্রেসের আহ্বায়ক ও এসপিএসবির সহসভাপতি মুনির হাসান বলেন, ‘দেশে বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। এ জন্য দরকার বৈজ্ঞানিক পদ্ধতির ওপর শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা। শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতির ওপর আগ্রহী করে তুলতে আয়োজন করা হয়েছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস।’

কংগ্রেসের নানা বিষয় জানা যাবে www.cscongres.org ওয়েবসাইটে।