শিশু-কিশোরদের জন্য নেই খেলার মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতান মিয়া, ইসমাইল হোসেন
সুলতান মিয়া, ইসমাইল হোসেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে প্রায় দুই লাখ লোক বসবাস করলেও শিশু-কিশোরদের জন্য এলাকায় কোনো খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র নেই।
কমলাপুর, মতিঝিলের কিছু অংশ, বাংলাদেশ ব্যাংক কলোনি, সোনালী ব্যাংক কলোনি, আর কে মিশন রোড ও গোপীবাগের কিছু অংশ এবং বাংলাদেশ রেলওয়ে ব্যারাক নিয়ে ৮ নম্বর ওয়ার্ড। গতকাল সোমবার এলাকায় ঘুরে জানা গেল, নগরের অন্য ওয়ার্ডের মতো সেখানেও পানি-বিদ্যুতের কষ্ট, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতার বিড়ম্বনা রয়েছে। বাসিন্দাদের দাবি, একটি উন্মুক্ত খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র তৈরি হলে তা শিশু-কিশোরদের সুস্থ বিকাশে সহায়ক হবে। স্থানীয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের একটি মাঠ থাকলেও তা সবার জন্য উন্মুক্ত নয়।
বাসিন্দাদের অনেকেই বলেন, কমলাপুর স্টেশন, কবি জসীমউদ্দীন রোড, টিটিপাড়া, মতিঝিল ও গোপীবাগের মধ্যবর্তী স্থানে অবস্থিত বালুর মাঠের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করে শিশুদের জন্য পার্ক বা খেলার মাঠ করা যেতে পারে।
গোপীবাগ প্রথম লেনের বাসিন্দা খলিল আহমেদ বলেন, প্রায় ১৫ বছর আগেও জায়গাটি অনেকটাই খোলা ছিল। চোখের সামনে দখল হয়ে গেছে। জসীমউদ্দীন রোডের আবদুল মোমিন বলেন, কমলাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে এখানে খোলা জায়গায় ফুটবল খেলত।
বালুর মাঠ এলাকায় বর্তমানে রয়েছে মেয়র সাদেক হোসেন খোকা সড়ক ও কমিউনিটি সেন্টার। জায়গার মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সড়কটি নির্মাণ করে ১০ বছর আগে ঢাকা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। কমিউনিটি সেন্টারের জন্য তিন বিঘা জায়গা বরাদ্দ নেওয়া হয়। রয়েছে উটের খামার। এর বাইরে বিশাল জায়গাজুড়ে মোটর গ্যারেজ, বাসের অবৈধ স্ট্যান্ড, দোকানপাট। কোরবানির ঈদে পশুর সম্প্রসারিত হাটও বসে।
রাজউক দক্ষিণাঞ্চলের নির্বাহী প্রকৌশলী জামাল আখতার প্রথম আলোকে বলেন, অবৈধ দখলদারদের অতীতে একবার উচ্ছেদ করা হলেও আবার স্থাপনা করা হয়। দখলমুক্ত করতে এখানে বাণিজ্যিক প্লট আকারে কিছু জায়গা বিক্রির দরপত্রও চাওয়া হয়েছে।
ওয়ার্ডে খেলার মাঠের বিষয়ে কাউন্সিলর প্রার্থীদেরও মাথাব্যথা রয়েছে। বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ইসমাইল হোসেনের স্ত্রী ফারহানা ইসমাইল গতকাল তাঁর পক্ষে কমলাপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগে বের হন। তিনি স্বামীর হয়ে খেলার মাঠের প্রতিশ্রুতি দেন।
ইসমাইল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। শিগগিরই জামিন পাবেন বলে আশা করছেন। তিনি বলেন, এলাকায় খেলার মাঠের অভাব অনেক আগে থেকেই উপলব্ধি করেছেন। স্থায়ী বাজারও নেই। নির্বাচিত হলে এ দুটি বিষয় অগ্রাধিকারে থাকবে। এ ছাড়া বেহাল রাস্তাঘাট মেরামত করবেন।
বৃষ্টি হলে গোপীবাগের বিভিন্ন গলি, আর কে মিশন রোডের মসজিদসংলগ্ন এলাকায় জলাবদ্ধতা হয়—এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকেরা। গতকাল বিকেলে গোপীবাগ রেলগেট এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মিয়া গণসংযোগ করতে গেলে কয়েকজন তাঁকে বিষয়টি অবহিতও করেন। সুলতান মিয়া বলেন, মসজিদের কাছে জলাবদ্ধতা দূর করার জন্য ইতিমধ্যেই তিনি উদ্যোগ নিয়েছেন। নির্বাচিত হলে পুরো ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেবেন।
আওয়ামী লীগ প্রার্থী এলাকায় শিশু-কিশোরদের খেলার মাঠের বিষয়েও তাঁর অগ্রাধিকারের কথা বলেন।
এর আগে উত্তর কমলাপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে তিনি সর্বসাধারণের জন্য এলাকায় বালিকা বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, স্থায়ী কাঁচা বাজার করার প্রতিশ্রুতি দেন।
কমলাপুর অস্থায়ী কাঁচা বাজারের কাছে কালভার্ড রোড এলাকায় রয়েছে একটি বৃহৎ মেস। শতাধিক লোক সেখানে বসবাস করেন। গতকাল দুপুরে উপস্থিত কয়েকজন খাওয়ার পানিতে দুর্গন্ধের কারণে কষ্টে আছেন বলে জানান। একে তো পানি আসে না, এখন যেটুকু আসে তাতে দুর্গন্ধ বলে জানান গোপীবাগ আড়াই লেনের বাসিন্দা শিরিন জালাল।
সামান্য দমকা হাওয়ায় এলাকায় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়—এমন অভিযোগ সোনালী ব্যাংক কলোনি, আর কে মিশন রোড ও গোপীবাগের বাসিন্দাদের। মধুমিতা সিনেমা হল-সংলগ্ন মতিঝিল এলাকার কয়েকজন স্থায়ী ব্যবসায়ী ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুটপাত ও রাস্তা দখল ও হকারমুক্ত করার কথা বলেন।
কাউন্সিলর প্রার্থী সুলতান মিয়া ও ইসমাইল হোসেন দুজনেই নির্বাচিত হলে পানি ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান।
৮ নম্বর ওয়ার্ডে আরও প্রার্থী: নির্বাচন কমিশনের বৈধ তালিকায় এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আরও ১১ জনের নাম পাওয়া যায়। এঁদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক কমিশনার মো. মোসলেহ উদ্দিন আহমেদ, মিয়া হোসেন, জাতীয় পার্টির আশরাফ হোসেন।